মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামে অভিযান চালিয়ে তিন অস্ত্র কারবারিকে আটক করেছে যৌথ বাহিনীর একটি দল। এ সময় তাদের দেওয়া তথ্য অনুসারে একটি নাইন এমএম পিস্তল উদ্ধার করা হয়। আটকৃতরা হলেন– দারিয়াপুর গ্রামের মহসিন আলীর ছেলে সাইফুল ইসলাম (২৭), কাউছার আলীর ছেলে এনামুল হক (২৮) ও মিন্টু শেখের ছেলে সাইফুল ইসলাম (২৬)।
মেহেরপুর সদর থানার ইন্সপেক্টর (অপারেশন) জাহাঙ্গীর সেলিম জানান, জানান, আটকৃকতরা অস্ত্রের ব্যবসায় জড়িত এমন গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর একটি বিশেষ দল গতকাল মঙ্গলবার রাতে ওই তিনজনকে আটক করে। এরপর ওই তিনজনকে নিয়ে আজ বুধবার ভোরে মেহেরপুর স্টেডিয়াম পাড়ার আলিফ নামের এক যুবকের বাড়িতে অভিযান চালায় যৌথ বাহিনী। অভিযানে আলিফের সন্ধান না মিললেও পিস্তল উদ্ধার করা হয়।
বাবলু নামের এক ব্যক্তির বাড়ির পাশে মাটির নিচে অস্ত্রটি পুতে রাখা ছিল। সেখানে মাটি খুড়ে পলিথিন মোড়ানো অবস্থায় নাইন এমএম পিস্তলটি উদ্ধার করতে সক্ষম হয় যৌথ বাহিনীর সদস্যরা। উদ্ধার হওয়া পিস্তলটি ইতালির তৈরি বলে জানা গেছে।
এদিকে তিনজনের নামে অস্ত্র মামলা দেওয়া হয়েছে। তাদের মেহেরপুর আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।



