খুলনার ডুমুরিয়ার ১৮ মাইলে শামীম শেখ নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ১৮ মাইল কলেজ রোড এলাকার তিন তলা ভবনের তৃতীয় তলা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শামীম শেখ সাতক্ষীরার তালা এলাকার আব্দুল শেখের ছেলে। তিনি ডুমুরিয়ার ১৮ মাইলে তাঁর স্ত্রী, সন্তান ও মাকে নিয়ে থাকতেন।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, শামীম শেখ ১৮ মাইল কলেজ রোডে তিন তলা বাড়িতে থাকতেন। সেখানে নিচতলায় ভাড়াটিয়া থাকতেন। দ্বিতীয় তলায় তাঁর পরিবার থাকে এবং তৃতীয় তলা ফাঁকা ছিল। সেখানেই রাতে তাঁর মরদেহ দেখতে পেয়ে পরিবারের সদস্যরা পুলিশকে জানায়। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের গলাকাটা ছিল।
ওসি মাসুদ রানা আরও জানান, হত্যাকাণ্ডের কারণ উদঘাটন ও তাদের ধরতে পুলিশ কাজ করছে। শামীম শেখ যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে।



