মেহেরপুর বাসের ধাক্কায় সমিকুল (৫৫) নামের এক পথচারী নিহত হয়েছেন। মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের পাসপোর্ট অফিস সংলগ্ন এলাকায় আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সমিকুল মেহেরপুর শহরের মল্লিকপাড়ার খাদিমুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে সমিকুল রাস্তা পারাপারের সময় দ্রুত গতির বিআরটিসি পরিবহনের একটি বাসে তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তার ওপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহতের মরদেহ মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবা উদ্দিন জানিয়েছেন, বাসের ধাক্কায় একজনের মৃত্যুর খবর পাওয়ার পর ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



