কুষ্টিয়া ভেড়ামারার একটি ধানের মাঠ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে নিহত ব্যক্তির পুরো মুখমণ্ডল পোড়া অবস্থায় থাকার কারণে তাঁর পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
আজ বুধবার সকালে কুষ্টিয়ার ভেড়ামারা থানার ধরমপুর ইউনিয়নের বিলের মাঠ এলাকার ধানের খেত থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, স্থানীয় চাষিদের দেওয়া সংবাদের ভিত্তিতে আজ সকালে ওই স্থান থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে নিহত ব্যক্তির পুরো মুখ মন্ডল পোড়ানো অবস্থায় থাকার কারণে পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। পুলিশের প্রাথমিক ধারণা, হত্যার পর নিহত ব্যক্তির পরিচয় যাতে নিশ্চিত না করা যায়, সেই কারণে হত্যার পর তার মুখ পুড়িয়ে দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব তালুকদার জানান, আজ সকালে স্থানীয় কয়েকজন চাষি মাঠে কাজ করতে গিয়ে মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট করে।
ওসি জানান, নিহত ব্যক্তির পরিচয় এখনো পাওয়া যায়নি। তার পরিচয় নিশ্চিত এবং হত্যার কারণ জানতে এবং ঘাতকদের খুঁজে বের করতে এরই মধ্যে কাজ শুরু করা হয়েছে।



