বাগেরহাটের চিতলমারীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষে রাজীব শেখ (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এসময় অন্তত ১২টি বাড়িঘরে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়।
বৃহস্পতিবার রাতে চিতলমারী উপজেলার কলাতলা ইউনিয়নের চিংগুড়ি গ্রামে এ সংঘর্ষ হয়। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
নিহত রাজীব শেখ চিতলমারী উপজেলার কলাতলা ইউনিয়নের চিংগুড়ি গ্রামের ফারুক শেখের ছেলে।
পুলিশ এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করেছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম শুক্রবার সকালে ইনডিপেনডেন্টকে বলেন, ‘চিতলমারী উপজেলার কলাতলা ইউনিয়নের চিংগুড়ি গ্রামের বিশ্বাস ও শেখ বংশের (গোষ্ঠী বিরোধ) মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্যের বিরোধ চলে আসছে। সেই পূর্ব বিরোধের জেরে বৃহস্পতিবার সন্ধ্যায় শেখ ও বিশ্বাস বংশের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে জড়ো হয়ে সংঘাতে জড়িয়ে পড়ে।’
ওসি আরও বলেন, ‘এক পক্ষ আরেক পক্ষের বাড়িঘরে অতর্কিত হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ শুরু করে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এই দুপক্ষের সংঘর্ষের মধ্যে পড়ে রাজীব নামে একজন মারা যায়। নিহত রাজীব শেখ বংশের পক্ষের সমর্থক। এসময় দুপক্ষের অন্তত ১২টি বসতঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।’
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যার জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।



