নেত্রকোণার পূর্বধলায় গরুর হাটের ইজারা নিয়ে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ছাত্রদলের এক নেতা আহত হয়েছেন।
আহত ছাত্রদল নেতা হলেন উপজেলার আগিয়া ইউনিয়নের ওমর শরিফ। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। আজ বুধবার দুপুর ১টার দিকে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই সংঘর্ষ বাঁধে।
স্থানীয় বাসিন্দা, প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আজ দুপুরে ৫৩টি অস্থায়ী গরুর হাটের ইজারার উন্মুক্ত ডাক ছিল। এসময় বিএনপি ও জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মীরা এই ডাকে অংশ নিতে সেখানে জড়ো হন। এক পর্যায়ে গরুর হাটের এই ইজারার ডাককে কেন্দ্র করে উভয় দলের নেতাকর্মীরা প্রথমে হাতাহাতি এবং পরে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
পরবর্তীতে সেখান থেকে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা স্থানত্যাগ করেন। এই ঘটনার জের ধরে উপজেলার আগিয়া বাজারে আগিয়া ইউনিয়নের সাবেক ছাত্রদল নেতা ওমর শরীফের ওপর হামলা এবং তার মোটরসাইকেলটি আগুনে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে। এই অভিযোগ তুলে বিএনপি ও ছাত্রদল এলাকায় বিক্ষোভ মিছিল করেছে।



