নাটোরের সিংড়ায় কবুতরের খামার থেকে কবুতর চুরির সন্দেহে আকরাম হোসেন নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ শুক্রবার দুপুরে সিংড়া পৌর এলাকার পাটকোল মহল্লায় এই ঘটনাটি ঘটে। পরে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকরাম হোসেনের মৃত্যু হয়।
আকরাম হোসেন পারসিংড়া মহল্লার মৃত ইউসুফ আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, গত এক সপ্তাহ আগে সিংড়ার পাটকোল মহল্লার মিঠুর কবুতরের খামার থেকে কয়েকটি কবুতর চুরির ঘটনা ঘটে। এ আকরামকে সন্দেহ করে খামার মালিক মিঠু। আজ দুপুরে আবারো মিঠুর কবুতর খামারের কাছে আকরাম হোসেনকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে চোর সন্দেহে তাঁকে ধরে গণপিটুনি দেন মিঠুসহ স্থানীয়রা।
পিটুনিতে আকরাম অজ্ঞান হয়ে পড়লে স্থানীয়রাই তাকে গুরুতর আহত অবস্থায় সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে আকরামের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করের এবং মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
ওসি জানান, প্রাথমিকভাবে পিটিয়ে হত্যার ব্যাপারটি আলামতসহ স্থানীয়দের কাছ থেকে জানা গেছে। তবে আকরাম খামার থেকে কবুতর চুরি করতে গিয়েছিল কিনা তা তদন্তের পর সঠিক জানা যাবে। ঘটনাটি তদন্ত কাজ শুরু করা হয়েছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।



