দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে চালু হতে যাচ্ছে পাবনা-ঢাকা সরাসরি রেল যোগাযোগ। আগামী ১৯ নভেম্বর পাবনা রেলওয়ে স্টেশন থেকে আনুষ্ঠানিকভাবে এ রুটে ট্রেন চলাচলের উদ্বোধন করবেন রেলপথমন্ত্রী রবিউল আলম।
পাবনার ঈশ্বরদী ও চাটমোহর থেকে ঢাকায় ট্রেন চলাচলের সুবিধা থাকলেও পাবনা সদর উপজেলা ও শহরাঞ্চলের মানুষ এত দিন এ সেবা থেকে বঞ্চিত ছিলেন। ২০১৯ সালে পাবনার ঢালারচর থেকে মাঝগ্রাম পর্যন্ত রেলপথ নির্মাণের মাধ্যমে এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পূরণের পথ তৈরি হয়। তবে ওই রুটে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে চলাচল করছে একটি ট্রেন। ঢাকার সঙ্গে সরাসরি ট্রেন যোগাযোগের বিষয়টি এত দিন ঝুলে ছিল।
অবশেষে সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে। ট্রেন চলাচলের উদ্বোধন ঘিরে পাবনা রেলওয়ে স্টেশনে চলছে নানা প্রস্তুতি। সরাসরি ঢাকায় ট্রেন চলাচল শুরু হওয়ায় উচ্ছ্বসিত পাবনাবাসী।
পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার বলেন, ‘নতুন এ রেল যোগাযোগ চালুর ফলে শুধু যাতায়াতের সুবিধাই বাড়বে না, পাবনার অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য ও শিক্ষাসহ বিভিন্ন খাতেও উন্নতি হবে বলে প্রত্যাশা এ অঞ্চলের মানুষের।’
পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক আবু হেনা মোস্তফা আলম বলেন, ‘যাত্রীদের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।’
এ রুটে নতুন দুটি আন্তনগর ট্রেনের নাম রাখা হয়েছে ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলী এক্সপ্রেস’। পাবনা থেকে ছেড়ে ট্রেনটি ঢাকায় পৌঁছাবে দুপুর ২টা ১০ মিনিটে। আর ঢাকা থেকে বিকেল ৩টা ২৫ মিনিটে ছেড়ে পাবনায় পৌঁছাবে রাত ৯টা ২০ মিনিটে।


