হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের ইমামবাড়ি এলাকায় ব্যাংকটির শাখায় এ ঘটনা ঘটে। এ সময় ব্যাংকের ভেতরে একজন নিরাপত্তাকর্মী ঘুমিয়ে ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাত ২টার দিকে এক ব্যক্তি ব্যাংকের সীমানাপ্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে। পরে ব্যাংকের সামনের ডিজিটাল সাইনবোর্ডে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। প্রায় দেড় মিনিট পর আগুন নিভে গেলে ওই ব্যক্তি আবারও সীমানাপ্রাচীর টপকে পালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ব্যাংকের ভেতরে থাকা নিরাপত্তাকর্মী হাফিজুর রহমানকে ঘুম থেকে জাগিয়ে বাইরে নিয়ে আসে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন জানান, অগ্নিসংযোগের ঘটনায় ব্যাংকের ভেতরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। শুধু ডিজিটাল সাইনবোর্ডটি পুড়ে গেছে। এ ঘটনায় শাখা ব্যবস্থাপক মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।


