কুড়িগ্রামের উলিপুরে আবারও একটি তেঁতুল গাছের মগডালে উঠে বসেন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক নারী। এ খবর ছড়িয়ে পড়লে তাকে একনজর দেখতে উৎসুক মানুষের ভিড় জমে। পরে তিনি গাছ থেকে পুকুরে ঝাঁপ দিয়ে তীরে উঠে চলে যান।
সোমবার সকালে উলিপুর উপজেলার গোড়াই আনন্দবাজার এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্য, বাড়ির পাশের একটি পুকুরপাড়ের তেঁতুল গাছের মগডালে ওই মধ্যবয়সী নারীকে বসে থাকতে দেখা যায়।
স্থানীয় এক ব্যক্তি সকালে পুকুরে গোসল করতে গিয়ে প্রথমে তাকে দেখতে পান। পরে খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে আশপাশের বিভিন্ন গ্রামের মানুষ সেখানে ভিড় করেন। প্রায় তিন ঘণ্টা গাছের ডালে অবস্থান করার পর মানুষের ভিড় বাড়তে থাকলে তিনি হঠাৎ গাছ থেকে পুকুরে ঝাঁপ দেন। পরে স্বজনরা তাকে পুকুর থেকে তুলে বাড়িতে নিয়ে যান।
স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যদের দাবি, ওই নারী মাঝে মধ্যে অস্বাভাবিক আচরণ করেন। তাদের ভাষ্যমতে, ‘জিনের আছর’ রয়েছে বলে তিনি এমন আচরণ করে থাকেন।
স্থানীয়রা জানান, চলতি বছরের ৬ মে একইভাবে একই গাছের মগডালে উঠে বসেছিলেন তিনি। সেদিন ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে নামানোর চেষ্টা করলে তিনি গাছ থেকে পুকুরে ঝাঁপ দেন।
ওই নারীর নাম সাজেদা বেগম। তিনি উলিপুর উপজেলার গোড়াই আনন্দবাজার এলাকার বাসিন্দা এবং মো. আবু সাইদের স্ত্রী।



