শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল করছেন সুনামগঞ্জের এইচএসসি পরীক্ষার্থীরা। মঙ্গলবার বিকেলে পৌর শহরের ট্রাফিক পয়েন্ট এলাকায় এই বিক্ষোভ মিছিল করেন পরীক্ষার্থীরা। বন্যাদুর্গত পরিস্থিতিতে পরীক্ষা গ্রহণ না করা এবং শিক্ষাব্যবস্থায় বৈষম্য নিরসনের লক্ষ্যে তারা এই কর্মসূচি পালন করেন।
মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা ‘দফা এক দাবি এক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ’, ‘বন্যা আর পরীক্ষা একসাথে চলবে না’, ‘শিক্ষা নিয়ে অবহেলা মানি না, মানবো না’—সহ বিভিন্ন স্লোগান দেন। এসময় পরীক্ষার্থীরা ৫ দফা দাবি জানিয়েছেন। দাবি গুলো হলো— ১. শিক্ষামন্ত্রীর পদত্যাগ। ২. বৈষম্যহীন পরীক্ষা নিশ্চিতকরণ। ৩. আগামীকালের (বুধবারের) পরীক্ষা স্থগিতকরণ। ৪. বোর্ড স্ট্যান্ডার্ড প্রশ্নে পরীক্ষা গ্রহণ। ৫. শুধুমাত্র পরীক্ষার ওপর জোর না দিয়ে পড়াশোনার মানোন্নয়নের দিকে গুরুত্ব প্রদান।
সুনামগঞ্জ সরকারি কলেজের পরীক্ষার্থী আদনান ফুয়াদ নাবিল বলেন, ‘দেশের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ বন্যা পরিস্থিতি বিরাজ করছে। এমন দুর্যোগের মধ্যে আমাদের পরীক্ষা দিতে হচ্ছে, যা অমানবিক। সারা দেশের শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে আমরাও সুনামগঞ্জে আন্দোলনে নেমেছি।’
এ সময় আরও উপস্থিত ছিলেন পরীক্ষার্থী পরাণ, জামিল, নাঈম, পায়েল, আহসান, সাকিবসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।



