রাজধানীর বাজারগুলোয় আবারও বেড়েছে চালের দাম। সপ্তাহের ব্যবধানে নাজিরশাইল ও মিনিকেট চালে প্রতি কেজি ৩ থেকে ৪ টাকা বেশি গুনতে হচ্ছে ভোক্তাকে। চিনিগুড়া চালের দামও বেড়েছে।
প্রতি কেজি মুনজুর ও সাগর ব্র্যান্ডের মিনিকেট চালের দাম ৩-৪ টাকা বেড়ে ৮৩ থেকে ৮৪ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া রশিদ মিনিকেটের দাম ৭২ টাকা থেকে বেড়ে ৭৫ টাকা এবং দামি মিনিকেট মোজাম্মেলের দাম কেজিতে ১ থেকে ২ টাকা বেড়ে ৮৫ থেকে ৮৬ টাকা হয়েছে।
বিক্রেতারা জানান, বাজারে সব ধরনের মিনিকেট চালের দাম বেড়েছে। সরবরাহ বাড়লে দাম কমতে পারে বলে জানান বিক্রেতারা।
বাজারগুলোতে শীতকালীন সবজির পর্যাপ্ত সরবরাহ থাকলেও টমেটো-শশার মতো কিছু সবজির দাম বেড়েছে। ফুলকপি, বাধা কপির দাম খানিকটা কম হলেও টমেটোর কেজি ৯০ থেকে ১০০ টাকা। শশা ও মরিচের দামও বাড়তি।
কারওয়ান বাজারে বেশিরভাগ সবজি ৫০ থেকে ৬০ টাকার মধ্যে বিক্রি হলেও শিম, বরবটির দাম বাড়তি। এ ছাড়া বেড়েছে মুগ ডাল, ছোট মসুর ডাল ও চা পাতার দাম। তবে ডিমের দাম স্থিতিশীল রয়েছে।
বাজার ঘুরে দেখা যায়, পেঁয়াজের দাম গত সপ্তাহের তুলনায় বেড়েছে ৫ থেকে ১০ টাকা। দাম নিয়ন্ত্রণে প্রশাসনের নজরদারির দাবি ক্রেতাদের।



