আসন্ন রোজার ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে ৩ মার্চ থেকে। ৯ মার্চ পর্যন্ত অগ্রিম টিকিট বিক্রি চলবে বলে জানিয়েছে রেল মন্ত্রণালয়। আর ঈদের ফিরতি যাত্রার টিকিট পাওয়া যাবে ১৩ থেকে ১৮ মার্চ পর্যন্ত।
বুধবার রেল মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এবার রেলের শতভাগ টিকিট বিক্রি হবে অনলাইনে। আর ঈদ উপলক্ষে বিশেষ ট্রেন চলবে ৫ জোড়া।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩ মার্চ থেকে পশ্চিমাঞ্চলের সব ট্রেনের যাত্রীরা সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলের যাত্রীরা দুপুর ২টা থেকে অগ্রিম টিকিট সংগ্রহ করতে পারবেন। এর মধ্যে ৩ মার্চ পাওয়া যাবে ১৩ মার্চের অগ্রিম টিকিট, ৪ মার্চ ১৪ মার্চের, ৫ মার্চ ১৫ মার্চের, ৬ মার্চ ১৬ মার্চের, ৭ মার্চ ১৭ মার্চের, ৮ মার্চ ১৮ মার্চের আর ৯ মার্চ পাওয়া যাবে ১৯ মার্চের টিকিট।
রেল মন্ত্রণালয় জানায়, ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ২০, ২১ ও ২২ মার্চের টিকিট বিক্রি করা হবে। একজন যাত্রী যাওয়া ও আসার ক্ষেত্রে একবারে সর্বোচ্চ ৪টি করে টিকিট সংগ্রহ করতে পারবেন। ঈদে অগ্রিম ও ফেরত যাত্রার টিকিট রিফান্ড করা যাবে না। এ ছাড়া যাত্রার দিন মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে।



