দেশে কর-জিডিপি অনুপাত বাড়াতে এবং ভ্যাট ফাঁকির ক্ষেত্রগুলো চিহ্নিত করতে একটি টাস্কফোর্স গঠন করেছে জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআর। চলতি অর্থবছরের শেষ চার মাসে ভ্যাট ফাঁকি কমিয়ে রাজস্ব আদায় বাড়ানো এবং লক্ষ্যমাত্রা অর্জনই হবে নতুন এই টাস্কফোর্সের মূল কাজ।
গতকাল বুধবার টাস্কফোর্স গঠন বিষয়ক এক আদেশ জারি করে এনবিআর। এতে বলা হয়, ১০ সদস্যের এই টাস্কফোর্সে আহ্বায়ক হিসেবে থাকবেন ঢাকা উত্তর ভ্যাট কমিশনারেটের কমিশনার সামছুল ইসলাম। এছাড়া টাস্কফোর্সের সদস্য সচিব করা হয়েছে এনবিআর-এর প্রথম সচিব রুহুল আমিনকে।
এনবিআর-এর আদেশে আরও বলা হয়েছে যে, সরকারের নির্দেশনা অনুযায়ী আগামী ১৮০ দিনের মধ্যে গৃহীত পদক্ষেপের বিষয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়ন করবে নগগঠিত টাস্কফোর্স।
পাশাপাশি কর জাল বাড়ানো, বকেয়া আদায় এবং চলমান মামলা ও অডিট দ্রুত নিষ্পত্তি করতে টাস্কফোর্স কাজ করবে বলেও জানায় এনবিআর।



