আজ শেষ হচ্ছে ব্যক্তি পর্যায়ে অনলাইনে আয়কর রিটার্ন জমার সময়। প্রতি বছর ৩০ নভেম্বরের মধ্যে রিটার্ন জমা বাধ্যতামূলক। তবে নানা প্রেক্ষাপট বিবেচনায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ সময়সীমা বাড়িয়ে থাকে।
জরিমানা ও অতিরিক্ত কর এড়াতে সব করদাতাকে ৩১ মার্চের মধ্যে রিটার্ন দাখিল করার অনুরোধ জানিয়েছিল এনবিআর। সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এবার কিছু ব্যতিক্রম ছাড়া সব ব্যক্তি-শ্রেণির করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। এরইমধ্যে ই-রিটার্ন সিস্টেমে ৫০ লাখের বেশি করদাতা নিবন্ধন করেছেন, যাদের ৪১ লাখ ৫০ হাজারের বেশি রিটার্ন দাখিল করেছেন।
আরও জানা যায়, যারা বিশেষ কারণে মঙ্গলবারের মধ্যে রিটার্ন দিতে পারবেন না, তাদের জন্য অনলাইন সিস্টেমে সময় বাড়িয়ে নেয়ার সুযোগ রাখা হয়েছে।



