বাজেট ঘাটতি মেটাতে চলতি অর্থবছরের প্রথম সাত মাসে আর্থিক খাত থেকে প্রায় ৭৩ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে সরকার। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় সরকারের ঋণ গ্রহণের পরিমাণ বেড়েছে প্রায় চার গুণ।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, জুলাই থেকে জানুয়ারি এই সাত মাসে ব্যাংক থেকে প্রায় ৬৫ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে সরকার। আর আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নেওয়া হয়েছে ৭ হাজার ৭২৪ কোটি টাকা। ঋণ নেওয়ার যে লক্ষ্যমাত্রা ছিল, তার ৫৮ শতাংশের বেশি নেওয়া হয়েছে।
গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৩২ হাজার ৫০৪ কোটি টাকা বেশি ঋণ নিয়েছে সরকার। চলতি অর্থবছরের বাজেটে সরকার অভ্যন্তরীণ উৎস থেকে ১ লাখ ২৫ হাজার কোটি টাকা ঋণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে।
খাত সংশ্লিষ্টরা বলছেন, লক্ষ্যমাত্রার চেয়ে রাজস্ব আদায় কম হওয়া এবং বৈদেশিক ঋণের প্রবাহ আশানুরূপ না থাকায় সরকারকে অভ্যন্তরীণ ব্যাংক খাতের ওপর বেশি নির্ভর করতে হচ্ছে।



