সোমবার সন্ধ্যা থেকে ভারতের আদানি পাওয়ার প্ল্যান্টের প্রায় ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রীডে সরবরাহ শুরু হয়েছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানিয়েছে, বিদ্যুৎ সরবরাহ ধীরে ধীরে আরও বাড়বে এবং কমে আসবে লোডশেডিং।
বিপিডিবি সূত্র জানিয়েছে, আদানি প্ল্যান্টের দ্বিতীয় ইউনিটটি সোমবার সন্ধ্যা ৭টা ৪৭ মিনিটে জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বয় শুরু করে।
এদিকে, আজ মঙ্গলবার থেকে এসএস পাওয়ার এবং আরএনপিএল থেকে জাতীয় গ্রিডে অতিরিক্ত ৬০০ মেগাওয়াট করে বিদ্যুৎ পাওয়ার কথা রয়েছে।
আরএনপিএল হচ্ছে বাংলাদেশের রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড (আরপিসিএল) এবং চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান নরিনকোর একটি যৌথ উদ্যোগ।
উল্লেখ্য, বিপিডিবি'র তথ্য অনুযায়ী, গত শনিবার সন্ধ্যায় দেশের সর্বোচ্চ বিদ্যুৎ চাহিদা ছিল ১৬ হাজার ৯০০ মেগাওয়াট, যেখানে আদানি প্ল্যান্টের বিদ্যুৎ ছাড়া সর্বোচ্চ উৎপাদন ছিল ১৪ হাজার ৭১২ মেগাওয়াট।



