টেকসই প্রবৃদ্ধি নিশ্চিতে কাঠামোগত সংস্কারের মাধ্যমে উৎপাদনশীলতা বাড়ানোর পরামর্শ দিয়েছে গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই)। আজ বৃহস্পতিবার পিআরআই আয়োজিত এক বাজেট আলোচনায় বক্তারা বলেন, কেবলমাত্র বাজেটে বরাদ্দ বাড়িয়ে অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা করা সম্ভব নয়।
ক্ষমতায় আসার চার মাসের মাথায় নতুন বাজেট ঘোষণা করতে যাচ্ছে সরকার। সবকিছু ঠিক থাকলে আগামী মাসের ১১ তারিখে বাজেট ঘোষণা করা হবে।
পিআরআই আয়োজিত বাজেট আলোচনায় টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিতে বিনিয়োগ পরিবেশের উন্নতির ওপর জোর দেয়া হয়। সুপারিশ করা হয় ব্যবসার ব্যয় কমানো, জ্বালানি সংকট নিরসন ও কর কাঠামো সহজ করার।
দুর্বল কর-জিডিপি অনুপাত, অর্থনৈতিক অস্থিতিশীলতা আর ব্যাংক খাতের দুরবস্থার মধ্যেই আসছে নতুন বাজেট। পিআরই মনে করেন, নতুন বাজেট অর্থনৈতিক পুনরুদ্ধারে সুযোগ তৈরি করতে পারে।
আলোচনায় করব্যবস্থা, শুল্ক কাঠামো, বিনিয়োগ পরিবেশ ও জ্বালানি খাতে বড় ধরনের সংস্কারের তাগিদ দেওয়া হয়। পাশাপাশি ব্যাংকিং ও জ্বালানিসহ অর্থনীতির গুরুত্বপূর্ণ খাতগুলোয় সুপ্ত মাফিয়াতন্ত্র যাতে পুনরায় সক্রিয় হতে না পারে, সে বিষয়ে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।
একই সঙ্গে বাজেট ঘাটতি পূরণে ব্যাংক খাতের ওপর অতিরিক্ত নির্ভরতা কমানোর আহ্বান জানানো হয়। রপ্তানির পাশাপাশি আমদানি খাতকেও গুরুত্ব দিয়ে নীতিমালা প্রণয়নের সুপারিশ করেন আলোচকরা।



