ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র সঙ্গে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের একীভূতকরণে অনুমোদন দিয়েছেন শেয়ারহোল্ডাররা। বুধবার (৩ জুন) অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ প্রস্তাব পাস হয়।
কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, একীভূতকরণের ফলে ওয়ালটন হাই-টেকের পণ্যের পরিধি আরও বিস্তৃত হবে। একই সঙ্গে বাজার সম্প্রসারণ, কার্যক্ষমতা বৃদ্ধি এবং পরিচালন ব্যয় কমানোর সুযোগ তৈরি হবে। এর মাধ্যমে প্রযুক্তিপণ্য খাতে ওয়ালটনের অবস্থান আরও শক্তিশালী হবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।
সভায় ওয়ালটন হাই-টেকের চেয়ারম্যান এস এম শামছুল আলম বলেন, ডিজি-টেক বর্তমানে ল্যাপটপ, কম্পিউটার, প্রিন্টার, মোবাইল ফোন, প্রিন্টেড সার্কিট বোর্ড, বৈদ্যুতিক মোটরসাইকেলসহ বিভিন্ন প্রযুক্তিপণ্য উৎপাদন ও বাজারজাত করছে। দুই প্রতিষ্ঠানের একীভূতকরণে ব্যবসায়িক সক্ষমতা বাড়বে এবং শেয়ারহোল্ডাররা দীর্ঘমেয়াদে এর সুফল পাবেন।
ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম বলেন, এটি শুধু দুটি প্রতিষ্ঠানের সমন্বয় নয়, বরং প্রযুক্তি, মানবসম্পদ, গবেষণা ও বাজার সম্প্রসারণ কৌশলকে একটি শক্তিশালী কাঠামোর আওতায় আনার উদ্যোগ। এর ফলে সম্পদের আরও দক্ষ ব্যবহার নিশ্চিত হবে এবং শেয়ারহোল্ডারদের জন্য অধিক মূল্য সৃষ্টি হবে।
সভায় জানানো হয়, একীভূতকরণ প্রক্রিয়ায় ডিজি-টেকের ৩৮ দশমিক ৪৫টি শেয়ারের বিপরীতে ওয়ালটন হাই-টেকের একটি শেয়ার ইস্যু করা হবে। সে অনুযায়ী ডিজি-টেকের ৩ কোটি শেয়ারের বিপরীতে ওয়ালটন হাই-টেক মোট ৭ লাখ ৮০ হাজার ২৩৪টি নতুন শেয়ার ইস্যু করবে।
একীভূতকরণ প্রস্তাবকে স্বাগত জানিয়ে শেয়ারহোল্ডাররা এটিকে সময়োপযোগী ও সুদূরপ্রসারী ব্যবসায়িক সিদ্ধান্ত হিসেবে অভিহিত করেন। তাদের মতে, এ উদ্যোগ ওয়ালটনের ব্যবসার পরিধি বাড়ানোর পাশাপাশি প্রযুক্তিপণ্য খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।


আবাসিক গ্রাহকদের ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার
