অর্থনীতির স্বার্থে পরিচালন ব্যয় কমাতে সরকারের আকার কমানোর বিকল্প নেই বলে মন্তব্য করেছেন অর্থনীতি গবেষক অধ্যাপক আবু আহমেদ। তিনি বলেন, অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনতে না পারলে সবার বিপদ হবে। সংসদের সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, সরকার পরিচালনায় মিতব্যয়ী প্রধানমন্ত্রী। আজ মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ এমবিএ অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত বাজেট-পরবর্তী আলোচনা সভায় এসব কথা বলেন তাঁরা।
আলোচনা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক আবু আহমেদ অর্থনীতির সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, গত দুই বছরে পুঁজিবাজারে একটি কোম্পানিও আসেনি। অর্থনীতির চারভাগের একভাগ সরকারের অধীনে উল্লেখ করে তিনি বলেন, সরকারের উচিত অর্থনীতি বেসরকারি খাতে ছেড়ে দেওয়া। নাহলে বিদেশি বিনিয়োগ আসবে না। ঘাটতি বাজেটে উদ্বেগ জানিয়ে ব্যয়ের হ্রাস টেনে ধরার তাগিদও দেন তিনি।
অর্থনীতি গবেষক অধ্যাপক আবু আহমেদ বলেন, 'ব্যয় কমাতে সরকারের আকার ছোট করতে হবে। এতো মন্ত্রণালয়, এতো দপ্তর দরকার নেই। অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনতে না পারলে সবার বিপদ হবে। কেউ রক্ষা করতে পারবে না। এরকম পরিস্থিতি বিরাজ করলে কেউ বিনিয়োগ করবে না, কেউ ঋণ দেবে না। কাউকে পাশে পাওয়া যাবে না।'
জাতীয় সংসদের সরকারদলীয় চিফ হুইপ বলেন, 'ব্যক্তি জীবনে অত্যন্ত মিতব্যয়ী প্রধানমন্ত্রী তারেক রহমান। সংকটাপন্ন অর্থনীতি রক্ষা করতে তিনি ও তার সরকার ঐকান্তিক চেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশের অর্থনীতির স্বার্থে প্রধানমন্ত্রী মিতব্যয়ী হয়ে সরকার পরিচালনা করছেন। আপনারা তার পাশে থাকুন।'
সবার সম্মিলিত চেষ্টায় অর্থনীতিকে সচল করে বাজেট সফলভাবে বাস্তবায়ন করার আশা প্রকাশ করা হয় আলোচনা সভায়।



