বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘সরকার এখন নবায়নযোগ্য জ্বালানির ওপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে।’
শুক্রবার বিকেলে যশোর কারিগারি প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত সোলার ইলেকট্রিক্যাল সিস্টেম স্থাপন ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, ‘২০৩০ সালের মধ্যে সরকার সোলার প্যানেল থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে চায়। দেশের জ্বালানি খাতকে নিরাপদ করতে সরকার সোলার প্যানেল তথা সৌরবিদ্যুৎ খাতকে অত্যন্ত সম্ভাবনাময় এবং কৌশলগত খাত হিসেবে বিবেচনায় নিয়েছে। বৈশ্বিক বাজারে জ্বালানির মূল্য ওঠানামা এবং অভ্যন্তরীণ গ্যাস সংকট মোকাবিলায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, ‘যারা রুফটপ সোলার স্থাপন করবেন, তাদের কাছ থেকে গ্রিডে সরবরাহ করা বিদ্যুৎ সরকার প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা টাকায় কেনার ঘোষণা দিয়েছে। এতে গড়ে প্রতি ইউনিট ৬-৭ টাকা উৎপাদন ব্যয়ের বিপরীতে ৪৫ শতাংশ পর্যন্ত মুনাফার সুযোগ সৃষ্টি হবে।’



