জলবায়ু পরিবর্তন ও যুদ্ধের কারণে সরবরাহ ব্যবস্থায় জটিলতা তৈরি হওয়ায় আগস্টে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম বেড়েছে। খাদ্যের দামের এ বৃদ্ধি ২০২২ সালের পর সর্বোচ্চ বলে জানিয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এফএও। শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় সংস্থাটি।
এফএওর মূল্যসূচক অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে খাদ্যপণ্যের মাসিক মূল্য পরিবর্তনের গড় আগস্টে দাঁড়িয়েছে ১৩৩ দশমিক ৩ পয়েন্ট। এটি জুলাইয়ে সংশোধিত ১৩০ দশমিক ৮ পয়েন্ট থেকে বেশি।
এই সংখ্যা ২০২২ সালের নভেম্বরের তুলনায় সর্বোচ্চ হলেও ওই বছরের মার্চের চেয়ে ১৭ ভাগ কম বলছে সংস্থাটি। মূলত ইউরোপে তীব্র দাবদাহ ও খরা, এল নিনোর শঙ্কা, এবং ইউক্রেন-ইরান যুদ্ধের কারণে বাণিজ্যিক অস্থিরতায় কৃষিপণ্যের বাজারে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এসব কারণেই খাদ্যশস্যের দাম ৩ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।



