টানা পাঁচ দিনের পূজার ছুটিতে রাজধানীর কাঁচাবাজারগুলোতে ক্রেতা উপস্থিতি কম। যদিও, বাজারে বাড়তি দামে বিক্রি হচ্ছে আদা-রসুনসহ বিভিন্ন ধরনের মসলা। বিক্রেতারা বলছেন, পরিবহন ব্যয় ও সিন্ডিকেটের প্রভাবে বাড়ছে মসলার দাম। তবে কিছুটা স্বস্তি মিলেছে টমেটোসহ অন্যান্য সবজির বাজারে।
পূজার দীর্ঘ ছুটিতে রাজধানীর কাঁচাবাজারগুলোতে ক্রেতা উপস্থিতি কম। তবে, নিত্যপণ্যের দাম সেই একই অবস্থায়। শসা থেকে শুরু করে মসলা, পণ্যের চড়া দামে নাভিশ্বাস সাধারণ মানুষের।
বিক্রেতারা বলছেন, মূলত পরিবহন ব্যয় বৃদ্ধির প্রভাব পড়েছে বিভিন্ন পণ্যের দামে।এছাড়া, সিন্ডিকেটকেও দুষছেন অনেকে।
ঝাঁজ বেড়েছে মশলার বাজারে। কেজিতে ৪০ টাকা পর্যন্ত বেড়ে আদা বিক্রি হচ্ছে ১৯০ থেকে ২৩০ টাকায়। এছাড়া রসুন ৩০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে দেড়শো টাকায়। পেঁয়াজের দাম ৩ থেকে ৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকায়।
রাজধানীর এক খুচরা বিক্রেতা বলেন, ‘আদার দাম কেজিতে ৪০ টাকা বেড়েছে। রসুনের দাম প্রতি কেজিতে বেড়েছে ৩০ টাকা। পেঁয়াজে প্রতি কেজিতে ৩ টাকা বেড়েছে।’
এদিকে, মাছের বাজারেও দাম বাড়তি। দুই কেজি ওজনের রুই মাছ ৩০ থেকে ৪০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৪০০ টাকায়। তিন কেজি ওজনের রুই মাছ বিক্রি হচ্ছে ৪৫০ থেকে ৪৬০ টাকায়।
কারওয়ান বাজারে এক খুচরা ক্রেতা বলেন, ‘মাছের দাম অনেক বেশি। আমাদের কেনার পরিস্থিতি নাই বললেই চলে।’
বাজারের এক মাছ বিক্রেতা বলেন, ‘মাছের দাম প্রতি কেজিতে ৪০ থেকে ৬০টাকা বেড়ে গেছে।
তবে কিছুটা স্বস্তি এসেছে সবজি বাজারে। দাম কমেছে প্রায় বেশিরভাগ সবজির। এর মধ্যে টমেটোর দাম কেজিপ্রতি ৪০ টাকা কমার পাশাপাশি শিম, বেগুন ও ফুলকপির দামও কিছুটা কমতির দিকে।
রাজধানীর একটি কাঁচা বাজারে আসা এক যুবক বলেন, ‘কাঁচা বাজারে পণ্যের দাম অনেক আগের মতোই আছে। তবে টমেটোর দাম একটু কমেছে। আগে ছিল ১৮০ টাকা এখন ১৬০ টাকা নিচ্ছে।’
বাজারে ডিমের দাম গত সপ্তাহের থেকে কমেছে। প্রতি ডজন ফার্মের ডিম বিক্রি হচ্ছে ১৩০-১৩৫ টাকায়। হাঁসের ডিমের দাম ডজনপ্রতি ১৮০ থেকে টাকা।


