আজ জমকালো আয়োজনে বিজয়ীদের হাতে উঠছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২২ পদক। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে প্রধান অতিথি হিসেবে এ পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জানা গেছে, বিকাল ৫টায় অতিথিদের আসন গ্রহণের মধ্য দিয়ে শুরু হবে অনুষ্ঠান। স্বাগত বক্তব্য রাখবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার। বিশেষ অতিথি থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। পুরস্কার বিতরণ শেষে সন্ধ্যা ৭টায় প্রধান অতিথির ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর পরিবেশিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থাপনা করবেন ফেরদৌস-পূর্ণিমা। পারফর্ম করার কথা রয়েছে ঢাকাই সিনেমার একঝাঁক জনপ্রিয় তারকার। থাকছেন সাদিয়া ইসলাম মৌ, নুসরাত ফারিয়া, মাহিয়া মাহি ও তমা মির্জার একক নৃত্য। আরও থাকছেন সাইমন সাদিক-দীঘি, আদর আজাদ-পূজা চেরি, সোহানা সাবা-গাজী নূর ও জায়েদ খান-আঁচলের দ্বৈত নাচ।
সংগীত পরিবেশন করবেন বালাম ও কোনাল। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে নৃত্য পরিচালনার দায়িত্বে রয়েছেন ইভান শাহরিয়ার সোহাগ।
প্রসঙ্গত, গত ৩১ অক্টোবর প্রজ্ঞাপনের মাধ্যমে জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২২ বিজয়ীদের নাম ঘোষিত হয়। এবার মোট ২৭টি বিভাগে ৩১ জনকে দেওয়া হচ্ছে এ পুরস্কার। আজীবন সম্মাননা পাচ্ছেন অভিনয়শিল্পী খসরু ও রোজিনা। যৌথভাবে সেরা সিনেমা নির্বাচিত হয়েছে ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ ও ‘পরাণ’। সেরা অভিনেতার পুরস্কার পাচ্ছেন চঞ্চল চৌধুরী। যৌথভাবে সেরা অভিনেত্রীর পুরস্কার পাচ্ছেন জয়া আহসান ও রিকিতা নন্দিনী শিমু।


এফডিসিতে রিয়্যালিটি শোয়ের নামে পিকনিক, জানে না কর্তৃপক্ষ
শ্রেষ্ঠত্বের পদক উঠছে চঞ্চল-জয়ায় হাতে
