জ্যাকসন, যে কথা এখনো শোনেনি পৃথিবী

আপডেট : ২৪ নভেম্বর ২০২৪, ১০:০৪ পিএম

একেকটি দাবদাহ যায়, মানুষ সচকিত হয়। একেকটি তীব্র শীতের রাত মানুষকে ভাবতে বসায়। একেকটি তীব্র তোড়ের বানের জল চোখের ওপর থেকে সরিয়ে দেয় পুরু হতে থাকা পর্দা। একেকটি পাহাড়ধস ও মৃত্যু মানুষকে ঝাঁকুনি দিয়ে তাঁর সীমানা চিনিয়ে দেয়। অথচ এই সবই একজন গানে গানে বলে গিয়েছিলেন। নিজের কণ্ঠ শুধু নয়, সমস্ত শরীর ও আয়োজন দিয়ে বুকের গভীরে একটা তোলপাড় তুলে দিতে চেয়েছিলেন। তিনি জ্যাকসন। মাইকেল জ্যাকসন।

ক্যারিয়ারের মধ্য সময়ে জ্যাকসন। ছবি: সংগৃহীত

গুণমুগ্ধরা তাঁকে ‘কিং অব পপ’ আখ্যা দিয়েছিল। ওই পর্যন্তই। এরপর আর কিছু নেই। নেই যে, তার প্রমাণ এই পৃথিবী ও পৃথিবীর মানুষ প্রতিনিয়ত দিয়ে যাচ্ছে।

বেশি কিছু নয়, জ্যাকসনের ‘আর্থ সং’ গানটির দিকে তাকালেই বোঝা যাবে। তার সাথে তো রয়েছেই সেই ‘ব্ল্যাক অর হোয়াইট’, ‘বিট ইট’, ‘ব্যাড’-এর মতো কত কত গানের খনি। কিন্তু সেসব না হয় থাক।

তাকানো যাক ‘আর্থ সং’-এর দিকে। কী বলছেন জ্যাকসন? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে পৌঁছাতে হবে একগাদা প্রশ্নের দুনিয়ায়। জ্যাকসনের সেই প্রশ্নের দুনিয়ায় কাঠগড়ায় শুধুই মানুষ।

তিনি প্রশ্ন করছেন মানুষকেই, নিজেকেই। তিনি প্রশ্ন করছেন মানুষের করা এত এত প্রতিশ্রুতিকে, যা আদতে শূন্যগর্ভ। তিনি সেইসব প্রতিশ্রুতি ও ফাঁকা বুলির দিকে সপ্রশ্নে তাকাচ্ছেন, যা মানুষকে ও সেই হিসেবে নিজেকে এবং অন্য সবাইকেই এক কৌতুককর বাস্তবতায় নিয়ে দাঁড় করায়।

তাঁর সরাসরি প্রশ্ন—এই এত এত যে অর্জনের গল্প এতদিন ধরে বলে গেলে, তার কী হলো? এই ধরণীর সূর্যোদয় থেকে বৃষ্টি—এই সবকিছুকে মানুষ যে আক্রান্ত করল, একগাদা অর্জনের গল্প শুনিয়ে, তার কী হলো?

গানটি রিলিজ হয়েছিল ১৯৯৫ সালে। তখন স্কুল। তখন ভীষণ এক উন্মাদনার কাল। তার আগেই অবশ্য জ্যাকসনের থ্রিলারের জগত চেনা হয়ে গেছে। সেই সুদূর আমেরিকা থেকে তাঁর হৃৎকম্প তোলা সেই সুর ও গান এবং তুলনায় বয়সীদের কাছে ‘লম্ফঝম্ফ’ এসে আছড়ে পড়েছে এই বঙ্গভূমে। না, এখনকার ইন্টারনেটের যুগের সাথে সেই জ্যাকসনীয় উপনিবেশায়নকে তুলনা করলে চলবে না। সেটা এমনকি সেই অর্থে স্যাটেলাইট টিভির জমানাও নয়। তবুও এই ব–দ্বীপ জ্যাকসনে বুঁদ হলো। এতটাই যে, তাঁকে নিয়ে গান হলো—‘আউল-বাউল লালনের দেশে মাইকেল জ্যাকসন আইল রে/ সবার মাথা খাইল রে।’ আসলেই তাই।কল্পনাতীত পরিশ্রমে নিজেকে তুলে নিয়েছিলেন অনন্য উচ্চতায়। মুনওয়াক মুদ্রায় জ্যাকসন। ছবি: সংগৃহীত

জ্যাকসনে বুঁদ হয়েছিল সেই সময়ের কৈশোর ও তারুণ্যে হেলান দেওয়া প্রায় সবাই। এক নতুন ধারার গান, এক নতুন ধারার উপস্থাপন চমকে দিল। অনেকটা টেনে-হিঁচড়ে প্রেমিক বানিয়ে ছাড়ল। জ্যাকসনের ভিউকার্ড তখন দেদারসে বিক্রি হচ্ছে। ঘরে ঘরে টাঙানো হচ্ছে তাঁর পোস্টার। সেই পোস্টারে নাচের ভঙ্গিতে জ্যাকসন দাঁড়িয়ে। ঘরের মুরব্বিরা না পারতে হয়তো মেনে নিচ্ছেন, কিন্তু মনে নিচ্ছেন না। যাদের ঘরে উচ্চস্বরে জ্যাকসন বাজানো যাচ্ছে, তারা বন্ধু ও পরিচিত মহলে একটু বাড়তি মূল্য পাচ্ছে। আর যারা পারছে না, তাদের শুধু ভেসে আসা সুরেই শান্তি। অবশ্য আরেকটি উপায় আছে। সে জন্য একটা অপেক্ষা আছে। কোনো উৎসব পার্বণে পাড়ার বড়রা ডেকসেট (বড় সাউন্ডবক্সসহ টেপ রেকর্ডার) বাজাবে। সেখানে নিশ্চয়ই জ্যাকসন বাজবে। আর তাতে আশ মিটিয়ে তাঁর গান শোনা হবে।

জীবনের শেষ দিনগুলোতে জ্যাকসন। ছবি: সংগৃহীত

জ্যাকসনকে ঘিরে কত কত স্মৃতি। এক অদেখা পপস্টারের জন্য সে কী অপেক্ষা! মহল্লার ক্যাসেটের (তখন ফিতার ক্যাসেটের যুগ) দোকানে আগে থেকে বলে আসা, জ্যাকসনের নতুন অ্যালবাম এলে যেন রাখা হয়। দুটি দোকানের নাম এখনো মনে আছে—ছোঁয়া ও আছিয়া। একটা ভাব হয়ে গিয়েছিল বলে তারা আবদার রাখার চেষ্টা করত বটে। কিন্তু চাহিদার সাথে তাল মিলিয়ে সব সময় রাখতে পারত না।

সে যাক। ফেরা যাক জ্যাকসনের ক্লাসিক রক ঘরানার ‘আর্থ সং’-এর কাছে। সেই ১৯৯৫ সালে গাওয়া গানটিতে জ্যাকসন হাজির হয়েছিলেন একগাদা প্রশ্ন নিয়ে। তিনি বলছেন—এই এত এত যে যুদ্ধ বাধালে, এই এত যে যুদ্ধক্ষেত্র তা থেকে কী পেলে তুমি? কী পেলাম আমরা? এই যে বললে শান্তির কথা, বললে যে আমাদের ও তোমাদের জন্য এত সবকিছুর কথা, কই সব? কখনো কি তাকিয়ে দেখেছ অতীতে ঝরানো সব রক্তের দিকে? দেখতে কি পেয়েছ পৃথিবীর কান্না? কী করেছি আমরা? এই পৃথিবীর? নিজের সন্তানের কাছে যে শান্তির প্রতিশ্রুতি দিয়েছিলে, তার কী হলো? কী হলো সেই সব স্বপ্নের, যা আমাদের হবে বলে বলেছিলে? যুদ্ধে নিহত শিশুদের দিকে কি কখনো তাকিয়ে দেখেছ?

নিজের বিভিন্ন গানে মোহনীয় জ্যাকসন। ছবি: সংগৃহীত

আজকের বাস্তবতা বলছে, না, আমরা কেউ তাকিয়ে দেখিনি। আমাদের সব প্রতিশ্রুতিই ছিল আসলে ফাঁকা বুলি। না হলে আজও ওই গাজায়, ইউক্রেনে, মিয়ানমারে মানুষ আক্রান্ত হতো না। শিশুদের ফ্যালফ্যাল করা চোখের সামনে আমাদের আজও তাহলে দাঁড়াতে হতো না। আজও ক্ষুধার গল্প একমাত্র বাস্তবতা হয়ে থাকত না। পৃথিবীকে দেওয়া পুষ্পরাজ্যের প্রতিশ্রুতি তো দূর, আমরা একটা যুদ্ধহীন, অস্ত্রের ঝনঝনানিহীন সময়ও আনতে পারিনি। জ্যাকসন যে প্রকৃতির মূল্য কত বলে প্রশ্ন তুলেছিলেন, সেই প্রশ্নের মীমাংসা আজও আমরা করিনি। আজও আমরা প্রতিবছর বসে জলবায়ু সম্মেলনে টাকার অঙ্কেই প্রকৃতিকে বিচার করি। আজও উন্নয়ন মানেই এক ভয়াবহ প্রকৃতি নিধনযজ্ঞ।

না জ্যাকসন, তোমার বেঁচে থাকতে তো নয়ই, তোমার মৃত্যুর দেড় দশক পরও আমরা ঠিক আগের মতোই যুদ্ধবাজ, আগের মতোই প্রকৃতি ভোগের এক নিছক প্রাণীই রয়ে গেছি। তোমার মৃত্যুবার্ষিকীতে তাই এখনো বলতেই হয় যে, তোমার কথা এখনো শোনেনি পৃথিবী। অদূর ভবিষ্যতে শুনবে, তেমন নিশানাও নেই। তোমার কাছে ক্ষমা নয়, তোমাকে শুধু সমবেদনা জানাই।

সামাজিকমাধ্যমে ক’দিন আগেও স্ত্রী-সন্তানকে নিয়ে বিভিন্ন আনন্দঘন মুহূর্ত প্রকাশ করেছেন ‘বাংলা ফাইভ’ ব্যান্ডের ড্রামার আদনান রুশদী। তবে স্ত্রী শিরিন সুলতানা ডেঙ্গুতে আক্রান্ত হলে টাইমলাইনের সেই চিত্র...
আবারও চলচ্চিত্রের গানে পাওয়া গেল গীতিকার, অভিনেতা ও নির্মাতা মারজুক রাসেলকে। ইয়ামিন ইলান পরিচালিত ‘ঝামেলা’ সিনেমায় ব্যবহার করা হচ্ছে তাঁর লেখা ও সুর করা জনপ্রিয় গান ‘সদরঘাটের পান’। গানটিতে কণ্ঠ...
দেশটির বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক অস্থিরতার সময়ে এই শিল্পীর গান হয়ে উঠেছিল সাধারণ মানুষের প্রতিবাদের ভাষা। আশির দশকের এক উত্তাল সময়ে জাতীয় সম্প্রচারমাধ্যমে তাঁর ‘পবনা’ অ্যালবামের গানগুলোর প্রচারে...
ফিউশনধর্মী গানের জন্য শ্রোতামহলে বিশেষভাবে পরিচিত ব্যান্ড ‘প্যানডোরা’। শনিবার (২২ আগস্ট) অনুষ্ঠিত হচ্ছে তাঁদের বহুল প্রতীক্ষিত একটি একক কনসার্ট। ভেন্যু রাজধানীর বনানীতে অবস্থিত ‘যাত্রাবিরতি’। 
রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৬ জনের প্রাণহানির ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনটিকে ঘষামাজা করে চলছে আবারও চালুর প্রস্তুতি। তবে সংস্কারের কোনো অনুমতি ছাড়া এ ধরনের সংস্কারকাজ সম্পূর্ণ বেআইনি বলে...
খুলনা ভৈরব নদের জেলখানা ঘাট এলাকায় ট্রলার ও ফেরি সংঘর্ষে হয়েছে। এতে ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কেউ নিখোঁজ আছে কিনা তা...
হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনার মধ্যে ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। গত দুই দিনের পাল্টাপাল্টি হামলার পর ইরানের দক্ষিণাঞ্চলের চাবাহার ও কোনারাক এলাকায় হামলা হয়েছে বলে...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর