গানে গানে নিজের জন্মস্থান কুমিল্লার প্রতি গভীর প্রেম তুলে ধরলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। সেই সঙ্গে উঠে এসেছে কুমিল্লার ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক বৈচিত্র্য। ‘বাংলাদেশের কেল্লা’ শিরোনামে গানটি লিখেছেন কুমিল্লার ইতিহাস গবেষক ও দৈনিক কুমিল্লার কাগজের সম্পাদক আবুল কাশেম হৃদয়। সুর-সংগীত করেছেন ভারতের বিজন ভট্টাচার্য্য।
গানটির মূল থিম হচ্ছে কুমিল্লার গৌরবময় ইতিহাস ও সংস্কৃতিকে গর্বের সঙ্গে এই প্রজন্মের কাছে পরিচয় করিয়ে দেওয়া। যেখানে কুমিল্লার প্রাচীন ইতিহাস, বিশ্বব্যাপী প্রভাব, আধুনিক অর্থনীতি ও প্রাকৃতিক সম্পদ তুলে ধরার পাশাপাশি উঠে এসেছে বীরত্বগাঁথা ও সংগ্রামী অতীতও।
গীতিকবি আবুল কাশেম হৃদয় বলেন, ‘কুমিল্লার ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরে গানটি রচনা করা হয়েছে। ইতিমধ্যেই গানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে। খুব শিগগিরই গানটি কণ্ঠশিল্পী আসিফ আকবরের ইউটিউব চ্যানেল ও দৈনিক কুমিল্লার কাগজের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে।’
গানটি দর্শকদের কাছে পৌঁছাতে উপদেশ ও পরামর্শ দিয়েছেন বিশিষ্ট সংগীত পরিচালক জাভেদ আহমেদ কিসলু। সার্বিক সমন্বয়ের দায়িত্বে ছিলেন মুম্বাইয়ের সুদীপ্ত দাস।


গণঅভ্যুত্থান নিয়ে অবশেষে মুখ খুললেন আরিফিন শুভ
