প্রায় দুই দশক আগে টেইলর সুইফট যখন তাঁর বিখ্যাত গান ‘লাভ স্টোরি’ লিখেছিলেন, তখন বিশ্বজুড়ে অনুরাগীদের মনে তিনি এক চিরন্তন রূপকথার জন্ম দিয়েছিল। এবার সেই গানের সুরই বাস্তবে পরিণত হলো। ঠিক যেন শিল্পের অনুকরণ করল জীবন। সব জল্পনা, গুঞ্জন আর প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন এই বিশ্বখ্যাত পপতারকা। দীর্ঘদিনের প্রেমিক আমেরিকান ফুটবল তারকা ট্র্যাভিস কেলসির সঙ্গে বিয়ের পিঁড়িতে বসলেন তিনি।
এই বিয়েকে ঘিরে গত কয়েকদিন ধরেই শোরগোল ছিল তুঙ্গে। তবে সামাজিকমাধ্যম কিংবা জমকালো কোনো পারফরম্যান্সের মাধ্যমে এই সুখবর দেননি প্রেমিকযুগল। খবরটি নিশ্চিত করেন খোদ গায়িকার জনসংযোগ কর্মকর্তা। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, নিউইয়র্কের ঐতিহ্যবাহী ম্যাডিসন স্কয়ার গার্ডেনে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে সুইফট-কেলসির চার হাত এক হয়েছে। আমেরিকার সময় অনুযায়ী শুক্রবার (৩ জুলাই) তাঁদের বিয়ে সম্পন্ন হয়েছে।
বিয়ের আসর হিসেবে সেজে উঠেছিল ম্যাডিসন স্কয়ার গার্ডেন। আর এই ঐতিহাসিক ভেন্যুর বাইরের বিশালাকার স্ক্রিনে যখন জ্বলজ্বল করে উঠল ‘JUST&T MARRIED’ শব্দবন্ধটি, তখন যেন গোটা নিউইয়র্ক উৎসবে মেতে উঠল। এই হাই-প্রোফাইল বিয়ের আসরকে ইতিমধ্যেই অনেকে আমেরিকার রাজকীয় বিয়ে বলে আখ্যা দিতে শুরু করেছেন।

রয়টার্সের কাছে পাঠানো বিবৃতিতে জানানো হয়, বিয়ের মূল অনুষ্ঠানটি পরিচালনা করেছেন জনপ্রিয় কমেডিয়ান ও অভিনেতা অ্যাডাম স্যান্ডলার।
সাম্প্রতিক বছরে বিনোদন ও ক্রীড়া জগতের অন্যতম আলোচিত প্রেম ছিল সুইফট ও কেলসির। যদিও এই যুগল কখনও বিয়ের পরিকল্পনা নিয়ে মুখ খুলেননি, তবে ম্যাডিসন স্কয়ার গার্ডেন প্রাঙ্গণে গত কয়েকদিনের তুমুল তোড়জোড় দেখেই বিয়ে নিয়ে জল্পনা ছড়াতে শুরু করে। শুক্রবারের (৩ জুলাই) মধ্যে গোটা নিউইয়র্ক যেন সুইফটিদের জন্য এক তীর্থক্ষেত্রে পরিণত হয়েছিল। ব্যারিকেডের বাইরে হাজার হাজার অনুরাগী ভিড় জমিয়েছিলেন শুধু প্রিয় তারকাযুগল এবং অনুষ্ঠানে আমন্ত্রিত চাঁদের হাটের একঝলক দেখতে পাওয়ার আশায়।
কঠোর নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল গোটা ম্যাডিসন স্কয়ার। একে একে বিয়ের আসরে প্রবেশ করতে দেখা যায় হলিউডের একঝাঁক শীর্ষ সারির তারকাদের। আমন্ত্রিতদের তালিকায় নজর কেড়েছেন জেনিফার লোপেজ, এড শিরান, ইথান হক, জিমি ফ্যালন এবং প্রখ্যাত ফুটবলার অ্যাবি ওয়ামব্যাচের মতো তারকারা।
বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম পেইজ সিক্স’র প্রতিবেদন অনুযায়ী, চেনা ছক ভেঙে টেইলরের পাশে ‘ম্যান অব অনার’ হিসেবে দাঁড়িয়েছিলেন তাঁর নিজের ভাই অস্টিন সুইফট। অন্যদিকে, বরের পাশে ‘বেস্ট ম্যান’ হিসেবে দায়িত্ব সামলেছেন ট্র্যাভিসের নিজের ভাই জেসন কেলসি। ভাইদের এই উপস্থিতি বিয়ের আমেজে এক অদ্ভুত পারিবারিক উষ্ণতা এনে দিয়েছিল।
প্রসঙ্গত, গত বছর আগস্টে বাগদান সেরেছেন টেইলর সুইফট ও ট্র্যাভিস কেলসি। এক ইনস্টাগ্রাম পোস্টে নিজেদের বাগদানের খবর শেয়ার করেছিলেন তাঁরা। অবশেষে বেজে উঠল সেই প্রতীক্ষিত বিয়ের সানাই। জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন এই যুগল।


শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিলেন ৪৮০ জন
