বাংলাদেশের গান নিয়ে প্রথমবারের মতো আগ্রহ প্রকাশ করেছে বিশ্বের অন্যতম সংগীত কোম্পানি ওয়ার্নার ব্রাদার্স মিউজিক। জনপ্রিয় ব্যান্ড চিরকুটকে আমন্ত্রণ জানিয়েছে তারা।
ওয়ার্নার ব্রাদার্সের অন্যতম ভাইস প্রেসিডেন্ট জশ সারুবিনের আমন্ত্রণে সাড়া দিয়েছে চিরকুট। গত ২১ জুলাই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনে প্রতিষ্ঠানটির আন্তর্জাতিক কার্যালয়ে উপস্থিত হয়েছিলেন ব্যান্ডটির প্রতিষ্ঠাতা ও সংগীতশিল্পী শারমিন সুলতানা সুমী। এ সময় প্রায় দুই ঘন্টাব্যাপী গান-আড্ডায় মেতে ওঠে চিরকুট ও ওয়ার্নার ব্রাদার্স।
সুমী জানান, দক্ষিণ এশিয়ার অন্যতম জনপ্রিয়, সৃজনশীল ও আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত ব্যান্ড হিসেবে দেড় দশকেরও বেশি সময় ধরে চিরকুটের ধারাবাহিক কাজের স্বীকৃতিস্বরূপ এই আমন্ত্রণ। গান-আড্ডায় সম্ভাব্য যৌথ কাজের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় ওয়ার্নার ব্রাদার্সের প্রতিনিধিরা সুমীর সামনেই চিরকুটের বেশকিছু গান শোনেন এবং ব্যান্ডটির সৃষ্টিশীলতার ভূয়সী প্রশংসা করেন। যদিও আগে থেকেই তাঁরা চিরকুটের গান নিয়ে গভীর পর্যবেক্ষণ করে আসছে। তাঁদের মন্তব্য ছিল, ‘অল অব ইওর সংস আর ইউনিক, ইউ আর ভেরি ইউনিক!’
যুক্তরাষ্ট্রের সংগীতাঙ্গনের অন্যতম অভিজ্ঞ এঅ্যান্ডআর (আর্টিস্টস অ্যান্ড রেপার্টোয়ার) নির্বাহী হিসেবে পরিচিত ওয়ার্নার ব্রাদার্সের ভাইস-প্রেসিডেন্ট জশ সারুবিন। দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে তিনি কলোম্বিয়া রেকর্ডস, অ্যারিস্তা রেকর্ডস, আইল্যান্ড ডেফ জ্যাম, ভার্জিন রেকর্ডস ও সনি/এটিভি মিউজিক পাবলিশিংয়ের মতো শীর্ষ প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
তাঁর তত্ত্বাবধানে থাকা অ্যালবামের বিশ্বব্যাপী ৪ কোটিরও বেশি কপি বিক্রি হয়েছে। বিশ্বখ্যাত পপতারকা লেডি গাগাকে সাইন করার পাশাপাশি লিওনেল রিচি, কার্লোস স্যান্টানা, পিঙ্ক, এভরিল ল্যাভিন, জন ম্যাকলাফলিন ও পিক্সি লটসহ বহু আন্তর্জাতিক তারকার সঙ্গে কাজ করেছেন তিনি। শিল্পী নির্বাচনের ক্ষেত্রে স্বকীয়তা ও সৃষ্টিশীলতাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেন এই সংগীত পরিবেশক। এবার বাংলাদেশের মাটিতে বেড়ে ওঠা চিরকুটের সঙ্গে সম্ভাব্য কোলাবোরেশনের আগ্রহ প্রকাশ করেছেন তিনি।

এই আমন্ত্রণকে চিরকুটের দীর্ঘদিনের পরিশ্রম, সৃষ্টিশীলতা ও ত্যাগের স্বীকৃতি হিসেবে দেখছেন সুমী। তাঁর বিশ্বাস, আন্তর্জাতিক অঙ্গনে তাঁদের গানকে আরও একধাপ এগিয়ে নেওয়ার নতুন সুযোগ তৈরি করবে ওয়ার্নার ব্রাদার্স মিউজিকের এই আমন্ত্রণ।
সুমী বলেন, ‘সারা পৃথিবীর কিংবদন্তি শিল্পীদের নিয়ে কাজ করা এমন মানুষেরা যখন আমন্ত্রণ জানান, তখন সেটি ভীষণ অনুপ্রেরণার এবং সম্মানের। ওই ঐতিহাসিক অফিসে ঢোকার পর অদ্ভুত এক অনুভূতি কাজ করছিল। বারবার মনে হচ্ছিল, সেই খুলনা থেকে, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে আজ আবার বিশ্বসংগীতের এক গুরুত্বপূর্ণ ঠিকানা ম্যানহাটনে, শতবর্ষী ওয়ার্নার ব্রাদার্সের অফিসে দাঁড়িয়ে আছি। ব্যান্ড মেম্বারদের মিস করছিলাম। আমি এবং চিরকুট স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, আমাদের জীবনে এমন আরেকটি সুন্দর দিন দেওয়ার জন্য। আশা করি, সামনে ভালো এবং নতুন কিছু অপেক্ষা করছে।’
সংগীতাঙ্গনে এরইমধ্যে পথচলার ২৪ বছরে পা রেখেছে চিরকুট। তাঁদের ‘আহারে জীবন’, ‘মরে যাব’, ‘যাদুর শহর’, ‘দুনিয়া’, ‘কানামাছি’, ‘উধাও’, ‘দামী’র মতো মৌলিক গান নিয়ে ইংল্যান্ড, নরওয়ে, সুইডেন, পর্তুগাল, অস্ট্রেলিয়া, আমেরিকা, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, মালয়েশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে কনসার্ট কিংবা সংগীত উৎসবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছে। নরওয়ে, আমেরিকাসহ বিভিন্ন দেশের ব্যান্ডের সঙ্গে তাঁদের বেশকিছু কোলাবোরশনও রয়েছে।


একই দিনে স্টার সিনেপ্লেক্সে আসছে ৪ বিশ্বখ্যাত চলচ্চিত্র
নিট বিতর্কে সালমান, ভাইরাল পুরনো ভিডিও ঘিরে তুমুল আলোচনা
