ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে বিরোধী মিত্রদেরকে দেশটির আরব দলগুলোর সঙ্গে মিলে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান বামপন্থি দলের প্রধান ইয়ায়ির গোলান। প্রাথমিক নির্বাচনি ফলাফলে সরকার গঠনের জন্য আরব দলগুলোর সমর্থন অপরিহার্য হয়ে ওঠার প্রেক্ষাপটে বুধবার তিনি এই আহ্বান জানান। খবর টিআরটি ওয়ার্ল্ডের।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গোলান বলেন, ‘ইহুদি ও আরব ভোটের মধ্যে নেতানিয়াহুর বর্ণবাদী বিভাজন আমাদের আর মেনে নেওয়া উচিত নয়। আমাদের দায়িত্ব রয়েছে। ইসরায়েলের আরব নাগরিকদের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে একটি পরিবর্তনের সরকার গঠনের সুযোগ আমাদের সামনে এসেছে।’
ইসরায়েলি গণমাধ্যমের খবর অনুযায়ী, পার্লামেন্ট নির্বাচনের ৭২.৪ শতাংশ ভোট গণনা শেষে ১২০ আসনের নেসেটে নেতানিয়াহুর জোট ৫৪টি আসন পেতে যাচ্ছে, যা সরকার গঠনের প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতার চেয়ে ৭টি কম।
টাইমস অব ইসরায়েলের তথ্যমতে, গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোট ৪৮টি আসন এবং প্রধানত আরব দলগুলো ১৮টি আসন পেতে পারে। কোনো একক জোটই প্রয়োজনীয় ৬১ আসনে পৌঁছাতে না পারলেও আইজেনকোটের জোট ও আরব দলগুলো যৌথভাবে সেই সংখ্যা অতিক্রম করতে পারে।
একক দল হিসেবে নেতানিয়াহুর লিকুদ পার্টি ২৮টি ও আইজেনকোটের ইয়াসার ২১টি আসন পেতে পারে। এছাড়া টুগেদার জোট ১১টি, দ্য ডেমোক্র্যাটস, ইউনাইটেড তোরাহ জুডাইজম ও ইসরায়েল বেইতেনু ৮টি করে, শাস ও ওৎজমা ইয়েহুদিত ৭টি করে এবং রিলিজিয়াস জায়োনিজম ৬টি আসন পেতে পারে। তবে ভোট গণনা চলায় এসব ফল পরিবর্তিত হতে পারে।


