নওগাঁয় নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন আমিনুল ইসলাম।
সিভিল সার্জন জানান, গত ২৮ জানুয়ারি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয়। মৃত্যুর পর তাঁর রক্তের নমুনা পরীক্ষা করে জানা যায়, তিনি নিপাহ ভাইরাসে আক্রান্ত ছিলেন। ওই নারী খেজুরের কাঁচা রস পান করেছিলেন বলেও জানান তিনি।
সিভিল সার্জন আমিনুল ইসলাম বলেন, ‘ওই নারীর গত ২১ জানুয়ারি থেকে প্রচণ্ড জ্বর ও শ্বাসকষ্টের উপসর্গ দেখা দেয়। ২৭ জানুয়ারি অবস্থার অবনতি হলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর নমুনা সংগ্রহ করে গবেষণাগারে পাঠানো হয়।’
নিপাহ প্রাণঘাতী একটি ভাইরাস। এই ভাইরাসে আক্রান্তদের বড় একটি অংশই মারা যায়। এটি ও হাম একই পরিবারের অন্তর্ভুক্ত। তবে নিপাহ হামের চেয়ে অনেক বেশি প্রাণঘাতী।
যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) তথ্য অনুযায়ী, সাধারণত আক্রান্ত শূকর বা বাদুড়ের সরাসরি সংস্পর্শে এলে এই ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। এ ছাড়া আক্রান্ত বাদুড়ের মূত্র বা লালায় দূষিত ফল বা ফলজাত পণ্য—যেমন কাঁচা খেজুরের রস খেলে নিপাহ সংক্রমণের ঝুঁকি থাকে। আবার এটি মানুষ থেকে মানুষেও ছড়াতে পারে।


আক্রান্তের অর্ধেকই মারা যায়, বিরল এই ভাইরাস সম্পর্কে যা জানা প্রয়োজন
