গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১৩৯ জন। আর হামের উপসর্গ রয়েছে ১ হাজার ৯ জনের শরীরে। আজ বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হাম ও হামের উপসর্গ ৬৬৬ জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে নিশ্চিত হামে প্রাণ গেছে ৯৩ জনের। আর হামের উপসর্গে মৃত্যু হয়েছে ৫৭৩ জনের।
গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে নিশ্চিত আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৭৭৩। আর সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৮৯ হাজার ৯০৪।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৭৪ হাজার ১৮৪ জন রোগী। যাদের মধ্যে ছাড়পত্র পেয়ে হাসপাতাল ছেড়েছে ৭০ হাজার ৫০৩ জন।



