চুল শুধু আপনার লুককে নয়, পুরো ব্যক্তিত্বকেই ফুটিয়ে তোলে। তার জন্য হাজার টাকা খরচ করে পার্লারে গিয়ে কেরাটিন, বোটক্স বা ন্যানোপ্লাস্টিয়া করানোর দরকার নেই। সঠিক ঘরোয়া যত্ন ও কিছু সাধারণ অভ্যাসেই চুলকে স্বাস্থ্যবান, চকচকে ও মসৃণ রাখা সম্ভব। চুলের যত্নে রইল তেমনই কিছু টিপস।
চুলের আর্দ্রতা বজায় রাখুন
শুষ্ক চুল দ্রুত রুক্ষ ও ঝরতে শুরু করে। নিয়মিত ভালো কন্ডিশনার ব্যবহার করুন। সপ্তাহে অন্তত একবার হেয়ার মাস্ক ব্যবহার করুন। নারকেল তেল বা আর্গান অয়েল দিয়ে মাস্ক করলে চুলের প্রাকৃতিক আর্দ্রতা ফিরে আসে এবং চুল মসৃণ, উজ্জ্বল ও শক্তিশালী থাকে।
অ্যাপেল সিডার ভিনেগার ব্যবহার করুন
শুধু শ্যাম্পু চুল পরিষ্কার করতে যথেষ্ট নয়। অ্যাপেল সিডার ভিনেগার চুলে প্রাকৃতিক জেল্লা ফিরিয়ে আনে। এতে ফলিক অ্যাসিড, ভিটামিন বি ও সি থাকে, যা চুলের স্বাস্থ্য উন্নত করে। সপ্তাহে এক বা দুইবার ধোয়ার পর হালকা অ্যাপেল সিডার ভিনেগার ব্যবহার করতে পারেন।
তাপ ও গরম জলের ব্যবহার সীমিত করুন
স্ট্রেইটনার, কুলার বা হট রোলার কম ব্যবহার করুন। গরম জল দিয়ে চুল ধোয়া এড়ানোই ভালো। অতিরিক্ত তাপ চুলকে রুক্ষ ও পাতলা করে। চাইলে হালকা গরম বা রুম টেম্পারেচারের পানি ব্যবহার করুন।
সঠিক খাদ্যাভ্যাস চুলকে শক্তিশালী করে
প্রোটিনসমৃদ্ধ খাবার যেমন ডিম, দই, মসুর ডাল, বাদাম ও ওমেগা–৩ সমৃদ্ধ মাছ চুলের বৃদ্ধিতে সাহায্য করে। পর্যাপ্ত পানি পান করতে ভুলবেন না।
নিয়মিত চুলের শেষ প্রান্ত ছাঁটুন
ভাঙা চুল ও স্প্লিট-এন্ড চুলকে দুর্বল করে। দুই-তিন মাস অন্তর চুলের শেষ প্রান্ত ছাঁটলে চুল স্বাস্থ্যবান ও মসৃণ থাকে।
চুল আঁটসাঁট রাখার বদলে হালকা স্টাইল করুন
অতিরিক্ত টাইট বান বা হেয়ার টাই দিয়ে চুল বেঁধে রাখা চুলের ফোলিকল ক্ষতিগ্রস্ত করে। হালকা স্টাইল বা পোনিটেইল চুলের স্বাস্থ্য রক্ষা করে।
প্রাকৃতিক স্টাইলিং প্রোডাক্ট ব্যবহার করুন
সিলিকন-ফ্রি হেয়ার সিরাম বা লিভ-ইন কন্ডিশনার ব্যবহার করুন। কেমিক্যাল-সমৃদ্ধ প্রোডাক্ট এড়িয়ে চলুন।
পর্যাপ্ত ঘুম ও মানসিক শান্তি
চুলের স্বাস্থ্য মানসিক চাপ ও ঘুমের ওপরও নির্ভর করে। প্রতিদিন ৭–৮ ঘণ্টা ঘুম নিশ্চিত করুন। যোগ বা মেডিটেশনের মাধ্যমে মানসিক চাপ কমান।
ঘরোয়া যত্ন, সঠিক খাদ্য ও হালকা ট্রিটমেন্টেই চুলকে স্বাস্থ্যবান, চকচকে ও মসৃণ রাখা সম্ভব। এগুলো মানলেই কেরাটিন, বোটক্স বা ন্যানোপ্লাস্টিয়ার মতো ব্যয়বহুল ট্রিটমেন্টের প্রয়োজন কমে যাবে।


চুল পড়া কমাতে প্রাকৃতিক ৩ তেল
ঠোঁটের কালচে দাগ যেভাবে দূর করবেন
