জুলাই গণঅভ্যুত্থান সংবিধান বিলুপ্তির জন্য নয়, বরং সংবিধানের মূলনীতির সংস্কার ও বাস্তবায়নের জন্য হয়েছে। বিদায়ী বক্তব্যে একথা বলেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। তিনি বিচার বিভাগের স্বাধীনতা রক্ষায় বিচারপতি ও আইনজীবীসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার সকালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ১ নম্বর এজলাস কক্ষে দেশের ২৫ তম প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদকে বিদায়ী সম্বর্ধনা দেয় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও অ্যাটর্নি জেনারেলের কার্যালয়।
বিদায়ী বক্তব্যে প্রধান বিচারপতি বলেন, ‘গণতন্ত্রে যতদিন বিচার বিভাগের মূল্যবোধ থাকবে, ততদিন সুপ্রিম কোর্ট ন্যায়বিচার ও স্বাধীনতার শেষ আশ্রয় হয়ে থাকবে।’
এসময় অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, ‘প্রধান বিচারপতির উদ্যোগে সুপ্রিম কোর্ট সচিবালয় গঠিত হয়েছে, রাজনৈতিক অনুকম্পায় বিচারপতি নিয়োগও বন্ধ হয়েছে।’
আর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন প্রধান বিচারপতিকে জানান, হাইকোর্টের অনেক বিচারপতির মাধ্যমে অনেক আইনজীবী অসম্মানিত হয়েছেন।
৬৭ বছর পূর্ণ করে আগামী ২৭ ডিসেম্বর অবসরে যাচ্ছেন প্রধান বিচারপতি। রোববার থেকে সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি শুরু হওয়ায় আজ শেষ দিনের মতো এজলাসে বসলেন তিনি।



