দৈনিক প্রথম আলোতে আগুন দেওয়া ঠেকাতে অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন সদ্য বিদায় নেওয়া ওই সরকারের সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে আজ শুক্রবার সকালে এ মন্তব্য করেন তিনি।
ফাওজুল কবির খান লিখেছেন, গত বুধবার ১৮ ফেব্রুয়ারি প্রথম আলোর দগ্ধ ভবনে শিল্প প্রদর্শনী দেখতে গিয়েছিলাম। অগ্নিদগ্ধ হতে সংবাদ পত্রটিকে বাঁচাতে অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয়েছে। এ ব্যর্থতার দায় আমাদের। এখানে কোন যদি, বা কিন্তু নাই।
তিনি লিখেছেন, প্রথম আলো আক্রান্ত হয়েছে এটা দুঃখজনক হলেও এ ধরনের ঘটনা বিরল নয়। স্মর্তব্য, উগ্রপন্থীদের হাতে খোদ যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ক্যাপিটল হিল আক্রান্ত হয়েছিল। কিন্তু সংবাদপত্রটি রক্ষায় আইন শৃংখলা বাহিনীর ব্যর্থতা অমার্জনীয়।
সাবেক এই উপদেষ্টা লিখেছেন, আমাদের সামনে এগিয়ে যেতে হবে, যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। কেবল উগ্রবাদীদের দোষারোপ করে এ থেকে নিস্তার পাওয়া যাবেনা।
তিনি লিখেছেন, আমাদের সময়ের সবচেয়ে ক্ষতিকর চিন্তা হলো, “কেবল আমিই ঠিক এবং অন্যরা আমাদের প্রতিপক্ষ।” এ ধারণা থেকে বের হয়ে আসতে হবে। শুরু করতে হবে সংলাপ সব বিরুদ্ধবাদীদের সাথে। তাদের অভিযোগ শুনতে ও বুঝতে হবে। অভিযোগ আছে, আমাদের দেশে “ইসলামপন্থীদের/উগ্রবাদীদের” উপর অমার্জনীয় নৃশংসতা চালানো হয়েছে। অভিযোগ আছে এদেশের প্রগতিশীলরা এর সম্মতি উৎপাদন করেছে। সাংবাদিক শফিক রহমান তো বলেই ফেলেছেন, সেদিন সংগ্রাম ও নয়া দিগন্ত আক্রান্ত হওয়ার প্রতিবাদ হলে হয়তো প্রথম আলো আক্রান্ত হতো না।
ফাওজুল কবির খান লিখেছেন, মতভিন্নতা থাকুক, সাথে থাকুক পরমতসহিষ্ণুতা ও সংলাপ। আবারও প্রথম আলোয় উগ্রবাদীদের অগ্নিসংযোগের নিন্দা জানাচ্ছি ও এটা প্রতিহত করতে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতার দায় স্বীকার করছি।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার পর শাহবাগ থেকে মিছিল নিয়ে বিক্ষুব্ধ একটি দল গত ১৮ ডিসেম্বর রাতে কারওয়ান বাজারে অবস্থিত দৈনিক প্রথম আলো এবং তেজতুরি পাড়ায় অবস্থিত ইংরেজি দৈনিক ডেইলি স্টারের প্রধান কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।



