বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ৮ প্রতিমন্ত্রীর দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে। বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে তাঁদের দায়িত্ব পুনর্বণ্টনের তথ্য নিশ্চিত করা হয়।
এতে বলা হয়েছে, বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এখন থেকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করবেন।
কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু পেয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ দায়িত্ব; সড়ক পরিবহন ও সেতু, রেল এবং নৌ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ সড়ক পরিবহন ও সেতু, রেল এবং একই মন্ত্রণালয়ের আরেক প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান পেয়েছেন নৌ মন্ত্রণালয়ের দায়িত্ব।
অর্থ এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের মো. জোনায়েদ আব্দুর রহিম সাকিকে আনা হয়েছে পরিকল্পনা মন্ত্রণালয়ে; মহিলা ও শিশু এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ফারজানা শারমীনকে সমাজকল্যাণ; শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মো. নুরুল হক পেয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ববি হাজ্জাজ পেয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব।
এ ছাড়া প্রধানমন্ত্রীর দুই রাজনৈতিক উপদেষ্টা পদে থাকা নজরুল ইসলাম খান ও রুহুল কবীর রিজভী আহমেদের দায়িত্ব সম্প্রসারণ করা হয়েছে। মন্ত্রী পদমর্যাদার প্রধানমন্ত্রীর এই দুই উপদেষ্টার দায়িত্ব পুনর্বণ্টন করে বুধবার প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
নজরুল ইসলাম খানকে নতুন করে কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আর শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছে রুহুল কবীর রিজভী আহমেদকে।



