পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সেনেগালের ডাকারে দেশটির পররাষ্ট্র ও সহযোগিতা বিষয়ক সচিব আনা ইসাবেল জেভিয়ারের এক বৈঠক হয়েছে। এতে রোহিঙ্গা সংকটসহ নানা বিষয়ে আলাপ করেছেন তাঁরা।
স্থানীয় সময় সোমবার ডাকারে অনুষ্ঠিত ‘আফ্রিকায় শান্তি ও নিরাপত্তা বিষয়ক ডাকার আন্তর্জাতিক ফোরাম’-এর পার্শ্ব বৈঠকে বসেছিলেন তাঁরা। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
এতে আরও বলা হয়, বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি প্রবাসীকে আশ্রয় প্রদানে পর্তুগালের অব্যাহত সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দক্ষ ও আধা-দক্ষ উভয় ধরনের কর্মী নিয়োগ সম্প্রসারণের আহ্বান জানান।
শামা ওবায়েদ ইউরোপীয় ইউনিয়নের বাজারে বাংলাদেশের পাট ও পাটজাত পণ্যের রপ্তানি বৃদ্ধিসহ দ্বিপাক্ষিক বাণিজ্য জোরদার করার গুরুত্বের ওপর জোর দেন এবং পর্তুগালকে আরও বেশি বিনিয়োগের জন্য আমন্ত্রণ জানান।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও পর্তুগালের পররাষ্ট্র ও সহযোগিতা বিষয়ক সচিব খেলাধুলা, সংস্কৃতি ও নারী ক্ষমতায়নের মতো ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি নিয়েও আলোচনা করেন এবং রোহিঙ্গা সংকট মোকাবিলার বিষয়ে মতবিনিময় করেন।



