আইনশৃঙ্খলা ঠিক রাখা শুধু পুলিশের কাজ নয় বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আজ শনিবার দুপুরে রাজধানীর পল্লবীতে পুলিশের ‘ওপেন হাউজ ডে’- এর অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘সমাজের আইনশৃঙ্খলা ঠিক রাখা শুধু পুলিশের কাজ নয়, এতে সহযোগিতা করতে হবে সাধারণ মানুষদেরও। গত ১৭ বছর পুলিশকে ব্যবহার করে এই বাহিনীর বদনাম করেছে।’
ক্রীড়া প্রতিমন্ত্রী আরও বলেন, ‘বর্তমান সরকার পূর্ণ স্বাধীনতা দিয়ে জনগণের বন্ধু হওয়ার সুযোগ করে দিয়েছে। এ জন্য দরকার জনগণের সহযোগিতা ও আন্তরিকতা।’ এ সময় মাদক কারবারিদের উৎপাদন এবং আমদানি গোড়া থেকে বন্ধ করার আহবান জানান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
অপরাধ দমন ও পুলিশের সেবার মান বাড়াতে ‘ওপেন হাউজ ডে’ নামে বিশেষ উদ্যোগ নিয়েছে পুলিশ। অনুষ্ঠানে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার এসএন মো. নজরুল ইসলাম জানান, সরকার মাদক, চাঁদাবাজ নিধনে জিরো টলারেন্স ভূমিকায় আছে। অপরাধ দমনে সবাইকে দ্বায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোরবানির হাঁট নিয়ে নানা রকম উদ্যোগ গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি।



