ফেনীর সোনাগাজীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার ১৬ আসামির ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের রায় ঘোষণা করা হবে আজ।
গত বৃহস্পতিবার রায়ের জন্য আজকের দিন ঠিক করেন বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর নেতৃত্বে গঠিত হাইকোর্ট বেঞ্চ। বিশেষ বেঞ্চে চাঞ্চল্যকর এ হত্যা মামলার শুনানি শুরু হয় গত ২৮ জুলাই।
২০১৯ সালের ২৭ মার্চ সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার তখনকার অধ্যক্ষ সিরাজ উদদৌলা নিজ কক্ষে ডেকে নিয়ে নুসরাতের শ্লীলতাহানি করেন। এ ঘটনায় করা মামলায় গ্রেপ্তার হন সিরাজ উদদৌলা।
মামলা তুলে না নেওয়ায়, ৬ এপ্রিল মাদ্রাসার ছাদে ডেকে নিয়ে নুসরাতের হাত-পা বেঁধে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ওই বছরের ১০ এপ্রিল মারা যান নুসরাত।
এ মামলায় ২০১৯ সালের ২৪ অক্টোবর ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের দেওয়া রায়ে বরখাস্ত হওয়া অধ্যক্ষ সিরাজ উদদৌলাসহ ১৬ জনের মৃত্যুদণ্ড হয়। ডেথ রেফারেন্সের জন্য নুসরাত হত্যা মামলার রায়সহ নথিপত্র হাইকোর্টে আসে ২০১৯ সালের ২৯ অক্টোবর।



