আগামী চারদিন গ্যাস সরবরাহ বন্ধ থাকবে মর্মে কোনো কোনো সংবাদ মাধ্যমে প্রকাশিত ফটোকার্ডকে গুজব বলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা)। আজ মঙ্গলবার বিকেলে পেট্রোবাংলার উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তারিকুল ইসলাম খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ অবস্থান স্পষ্ট করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রকৃত বিষয় হলো– কক্সবাজারের মহেশখালীস্থ ২টি এলএনজি টার্মিনালের ১টি (সামিট এলএনজি) জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য রিগ্যাসিফিকেশন কার্যক্রম বন্ধ থাকার কারণে বর্তমান গ্যাসের সরবরাহ আগামী চারদিন দৈনিক ২৫৭০ থেকে ২২৫০ মিলিয়ন ঘনফুটে নেমে আসতে পারে। ফলে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ না হয়ে কোনো কোনো এলাকায় গ্যাসের সরবরাহ সাময়িক হ্রাস পেয়ে স্বল্প চাপ বিরাজ করতে পারে।
পেট্রোবাংলার বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী চার দিন গ্যাস সরবরাহ বন্ধ থাকবে মর্মে একটি মহল কোনো কোনো সংবাদ মাধ্যমের ফটোকার্ড বানিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব রটিয়ে জনমনে আতংক সৃষ্টি করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। যা পেট্রোবাংলা কর্তৃপক্ষের দৃষ্টি গোচর হয়েছে।
জনগণকে কোনো ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানানো যাচ্ছে বিজ্ঞপ্তিতে।


