বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে মন্তব্য করতে চান না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর মঈন খানের সাথে সৌজন্য সাক্ষাত শেষে এ কথা জানান তিনি।
দীনেশ ত্রিবেদী বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক শুধু সরকার কেন্দ্রিক নয়। এটা দুই দেশের মানুষের মধ্যে সম্পর্ক ব্যাপার। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে কোনো মন্তব্য করতে চাই না।
তিনি বলেন, অতীতকে ভোলা যাবে না, তবে অতীতে আটকে থাকলেও চলবে না। এ দেশের নির্বাচিত সরকার আছে। তারাই এ দেশের জনগণের জন্য ভাববে।
এসময় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলটির প্রতি শুভেচ্ছা জানান ভারতীয় হাইকমিশনার।
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম জানান, সৌজন্য সাক্ষাতের সময় ভারতের হাইকমিশনার স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পরামর্শ দিয়েছেন। এসময় তাকে জানানো হয়, চ্যালেঞ্জ থাকলেও এই অর্থবছরের মধ্যেই একটি সুষ্ঠু, নিরপেক্ষ স্থানীয় নির্বাচন করতে বদ্ধপরিকর সরকার।



