একটি নতুন প্রতিষ্ঠানে গিয়েছি, বছরের শুরু। প্রথম মিটিংয়ে বাজেট দেখতে চাইলাম। জানানো হলো—বাজেট নেই। পরে বোঝানোর পর এমডি সাহেব বুঝলেনও। অনেক তোড়জোড়ের পর অ্যাকাউন্টস বিভাগ জানাল যে বাজেট আছে, তবে সেটি “গোপনীয়”! বুঝলাম—একটি হিস্টোরিক্যাল বাজেট আছে, কিন্তু টাকা–পয়সার হিসাব থাকায় সাধারণ কর্মীদের কাছ থেকে লুকানো হচ্ছে। আমাদের অনেক অফিসেই এ রকম পরিস্থিতি দেখা যায়।
বছর শেষ মানেই নতুন লক্ষ্য নির্ধারণ, কর্মপরিকল্পনা তৈরি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ—বাজেট প্রণয়ন। কর্পোরেট জগতে বাজেটিংকে এখনো অনেকে ক্লান্তিকর প্রক্রিয়া বা হিসাব বিভাগের একক দায়িত্ব মনে করেন। বাস্তবে বাজেট হলো প্রতিষ্ঠানের আগামী বছরের সম্ভাবনা, সীমাবদ্ধতা, অগ্রাধিকার ও কৌশলগত দিকনির্দেশনার রূপরেখা।
এটি কেবল একটি আর্থিক নথি নয়—বরং একটি কৌশলগত হাতিয়ার। প্রতিষ্ঠানের সক্ষমতা, নিয়ন্ত্রণব্যবস্থা এবং ভবিষ্যৎ প্রস্তুতির কেন্দ্রবিন্দু।
বাজেট আসলে কী?
সহজভাবে বললে, বাজেট হলো নির্দিষ্ট সময়ের (সাধারণত এক বছর) জন্য প্রতিষ্ঠানের লক্ষ্য, পরিকল্পনা ও প্রত্যাশিত ফলাফলের পরিমাণগত প্রকাশ। এতে রাজস্ব, ব্যয়, সম্পদ ব্যবহার, বিনিয়োগ এবং সম্ভাব্য আর্থিক অবস্থার পূর্বাভাস থাকে। এটি কোনো স্বয়ংক্রিয় প্রক্রিয়া নয়—বরং ভবিষ্যৎ বিবেচনায় পরিকল্পিত হিসাবভিত্তিক চিন্তা।
বাজেটিং কেন অপরিহার্য?
১. স্পষ্ট দিকনির্দেশনা তৈরি করে
বাজেট ব্যবস্থাপনাকে ভবিষ্যৎ নিয়ে ভাবতে বাধ্য করে। আগামী বছরের রাজস্ব লক্ষ্য, বাজার সম্প্রসারণ, কোথায় ব্যয় কমানো প্রয়োজন—এসবের উত্তর বাজেটের মাধ্যমে পরিস্কার হয়। অর্থাৎ বাজেট লক্ষ্যকে পরিকল্পনায় এবং পরিকল্পনাকে সংখ্যায় রূপ দেয়।
২. সম্পদের সর্বোত্তম ব্যবহার
প্রতিষ্ঠানের মূলধন, মানবসম্পদ ও সময়—সবই সীমিত। বাজেট নির্ধারণ করে কোন প্রকল্পকে অগ্রাধিকার দেওয়া হবে, কোথায় বিনিয়োগ লাভজনক, কোথায় ব্যয় কমানো সম্ভব। এতে অপচয় কমে ও বিনিয়োগের রিটার্ন বাড়ে।
৩. কর্মক্ষমতা পরিমাপের হাতিয়ার
বাজেট একটি “প্রত্যাশিত” মানদণ্ড সরবরাহ করে। সারা বছর প্রকৃত ব্যয় ও আয়ের সঙ্গে বাজেটকৃত সংখ্যার তুলনা করলে কোন বিভাগ দক্ষ, কোথায় অপচয় হচ্ছে—তা সহজেই ধরা পড়ে। এতে নিয়ন্ত্রণব্যবস্থা শক্তিশালী হয়।
৪. অভ্যন্তরীণ সমন্বয় বৃদ্ধি করে
বাজেট তৈরিতে বিক্রয়, উৎপাদন, সংগ্রহ ও লজিস্টিকসসহ সব বিভাগের সমন্বয় প্রয়োজন। ফলে একটি সুশৃঙ্খল ও বাস্তবোচিত অপারেশনাল কাঠামো গড়ে ওঠে।
৫. ঝুঁকি হ্রাস ও ভবিষ্যৎ প্রস্তুতি
বাজারের অনিশ্চয়তা, মূল্যবৃদ্ধি, সরবরাহ বিঘ্ন, নগদ প্রবাহ সংকট—এসব ঝুঁকি আগাম অনুমান করে প্রস্তুতি নেওয়া সম্ভব হয়।
প্রথাগত বাজেটিংয়ের সীমাবদ্ধতা
অনেক প্রতিষ্ঠান এখনো আগের বছরের ব্যয় সামান্য বাড়িয়ে–কমিয়ে বাজেট করে (ইনক্রিমেন্টাল বাজেটিং)। এর সমস্যাগুলো হলো—
- অপ্রয়োজনীয় ব্যয় টিকে যায়
- অদক্ষতা আড়ালে থাকে
- পরিবর্তিত পরিস্থিতি প্রতিফলিত হয় না
- কৌশলগত চিন্তা বাধাগ্রস্ত হয়
এই কারণে আধুনিক প্রতিষ্ঠানগুলো এখন অ্যাকটিভিটি-বেসড বাজেটিং (ABB) বা কার্যক্রমভিত্তিক বাজেটিংয়ের দিকে ঝুঁকছে।
অ্যাকটিভিটি-বেসড বাজেটিং (ABB)
এবিবিতে ব্যয়কে বিভাগ নয়, কার্যক্রমের ভিত্তিতে বিবেচনা করা হয়। যেমন—উৎপাদন, মান নিয়ন্ত্রণ, অর্ডার প্রসেসিং, লজিস্টিকস—প্রতিটি কার্যক্রমের প্রকৃত ব্যয় আলাদাভাবে নির্ধারণ করা হয়।
এতে সারা বছরের একটি বিস্তারিত আনুষ্ঠানিক কার্যক্রম পরিকল্পনা তৈরি হয়: কোন কাজ, কখন, কে করবে এবং প্রত্যাশিত ফলাফল কী—সবই সুনির্দিষ্ট থাকে। কর্মীরা প্রতিষ্ঠানের সার্বিক লক্ষ্য ও তাদের ভূমিকার মধ্যে সমন্বয় খুঁজে পায়, ফলে সম্পৃক্ততা বাড়ে এবং মালিকানাবোধ সৃষ্টি হয়। এতে প্রতিষ্ঠানের কাজের সংস্কৃতি শক্তিশালী হয়।
এবিবির সুবিধা
- কোন কার্যক্রম ব্যয় বাড়াচ্ছে তা স্পষ্টভাবে বোঝা যায়
- অদক্ষতা দ্রুত সনাক্ত হয়
- ব্যয় কমানোর সঠিক জায়গা নির্ধারণ সহজ হয়
- সম্পদ বরাদ্দ হয় বাস্তব কাজের ভিত্তিতে
- পুরো প্রতিষ্ঠানে জবাবদিহিতা বাড়ে
- প্রতিষ্ঠান ব্যয় নিয়ন্ত্রণে সফল হয় এবং প্রতিযোগিতামূলক শক্তি বাড়ে
- ব্যবস্থাপনা তথ্যভিত্তিক সিদ্ধান্ত নিতে পারে
- দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা তৈরি হয়
- কর্মী সম্পৃক্ততা বৃদ্ধি পায়
শেষকথা
বাজেট যত সুসংগঠিত হবে, প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণব্যবস্থা তত শক্তিশালী হবে। বাজেট এখন আর শুধু হিসাব নয়—এটি কৌশল, নিয়ন্ত্রণ ও পূর্বাভাসের সম্মিলিত নকশা।
বছর শেষের বাজেট প্রণয়ন কোনো আনুষ্ঠানিকতা নয়; বরং আগামী বছরের সাফল্যের মূল ভিত্তি। আধুনিক, তথ্যভিত্তিক এবং কার্যক্রমকেন্দ্রিক বাজেটিং গ্রহণ করলে প্রতিষ্ঠান কেবল ব্যয় কমায় না—দক্ষতা, প্রতিযোগিতা ও দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা অর্জন করে।
নভেম্বর এসে গেছে—এখনই সময় সব প্রতিষ্ঠানকে আগামী বছরের বাজেট প্রস্তুতের কাজ শুরু করার।
লেখক: মানবসম্পদ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ
[এই মতামত লেখকের নিজস্ব। এর সঙ্গে ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রাতিষ্ঠানিক সম্পাদকীয় নীতিমালার কোনো সম্পর্ক নেই।]



