দলীয় চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে চট্টগ্রামে এবার ব্যতিক্রমী সাংগঠনিক সভা করতে যাচ্ছে বিএনপি। রোববার সন্ধ্যায় প্রথমবারের মতো পূর্ণাঙ্গ সাংগঠনিক সভা হতে যাচ্ছে বন্দরনগরীতে। আর এই সভায় শুধু শীর্ষ নেতারা নন, সরাসরি অংশ নেবেন তৃণমূলের নেতা-কর্মীরাও।
প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো চট্টগ্রাম যাবেন তারেক রহমান। বন্যাদুর্গত এলাকা পরিদর্শনের জন্য এই সফর, তবে ওইদিন সন্ধ্যায় হোটেল র্যাডিসনে বসছে বিএনপির দুই সাংগঠনিক জেলা ও চট্টগ্রাম মহানগরের বিশেষ সভা। ১১টি অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের পাশাপাশি থাকবেন ওয়ার্ড পর্যায়ের নেতারা।
চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক শওকত আজম খাজা জানান, ছয় শতাধিক নেতাকর্মীর অংশগ্রহণে এই সভার মধ্য দিয়ে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পেতে যাচ্ছেন তৃণমূলের নেতারা। নিজেদের মতামত, সমস্যা ও সাংগঠনিক পরামর্শ তুলে ধরতে পারবেন তারা। তৃণমূলকে মূল্যায়নের এই উদ্যোগ সংগঠনে নতুন গতি তৈরি করবে বলে প্রত্যাশার কথা জানান তিনি।
চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান জানান, চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা হয়েছিল ২০২৪ সালে। এছাড়া দক্ষিণ জেলায় আহবায়ক কমিটি থাকলেও উত্তর জেলায় নেই কোনো কমিটি। দলীয় প্রধানের সাংগঠনিক সভায় এসব ইউনিটের কমিটি গঠনের বিষয়ে আলাপ হতে পারে সভায়।
চলতি বছরের ২৪ জানুয়ারি নির্বাচনী জনসভায় অংশ নিতে চট্টগ্রাম সফর করেছিলেন বিএনপি চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান।



