দেশের বাজারে সোনার দাম আবার কিছুটা কমেছে। ভরিতে প্রায় ১০ হাজার টাকা বৃদ্ধির ২৪ ঘণ্টার মধ্যে এবার দাম কমেছে সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা। আজ শুক্রবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বাজুস জানিয়েছে, সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমায় দেশের বাজারে দাম সমন্বয় করা হয়েছে।
নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ২৬৬ টাকা কমে দাঁড়িয়েছে ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা।
২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ৩ হাজার ১৪৯ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৯ হাজার ৩৪২ টাকা। ১৮ ক্যারেটের সোনার দাম ভরিতে ২ হাজার ৬৮৩ টাকা কমে হয়েছে ১ লাখ ৮৮ হাজার ৩৭৪ টাকা। আর সনাতন পদ্ধতির সোনার দাম ২ হাজার ২১৬ টাকা কমে দাঁড়িয়েছে ১ লাখ ৫৩ হাজার ৮৪৮ টাকা।
সোনার দাম কমলেও রুপার দাম একই আছে। ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৮৯৯ টাকা। আর ২১ ক্যারেটের রুপার ভরি এখন ৪ হাজার ৬৬৬ টাকা।
এরআগে গতকাল বৃহস্পতিবার ২২ ক্যারেটের সোনার দাম ভরিতে ৯ হাজার ৮৫৬ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয় ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা।
দাম ওঠানামার মধ্যে চলতি বছরের ২৯ জানুয়ারি সোনার দাম দেশের ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। ওইদিন ভরিতে দাম উঠেছিল ২ লাখ ৮৬ হাজার টাকা।



