নাটোরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতার পথসভাস্থল থেকে তানিম হোসেন নামে এক যুবককে পিস্তলসহ আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেলে নাটোর সদর উপজেলার দিঘাপতিয়ায় উত্তরা গণভবনের সামনে পথসভাস্থল থেকে তাকে আটক করা হয়।
ওই যুবক পথসভায় থাকা স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে লক্ষ্য করে গুলি করার চেষ্টা করছিল বলে জানান নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান।
আটককৃত যুবক তানিম হোসেন নাটোর পৌরসভার কানাইখালী মহল্লার শামসুল আলমের ছেলে। পর্যটনমন্ত্রীর পথসভায় স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জেলা প্রশাসক আসমা শাহীন, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. শামিমুজ্জানসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ওসি মনসুর রহমান জানান, আজ বিকেলে বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা উত্তরা গণভবন পরিদর্শন শেষে গণভবনের গেট সংলগ্ন একটি পথসভা মঞ্চে বক্তব্য দিচ্ছিলেন। এ সময় ওই যুবক মন্ত্রীর কাছাকাছি অবস্থান করছিলেন। মন্ত্রী মঞ্চ থেকে নামার সময় ওই যুবকের সঙ্গে দুইবার ধাক্কা লাগে। এ সময় ওই যুবক হুইপ দুলুকে লক্ষ্য করে গুলি করার চেষ্টা করলে পিস্তলসহ তাকে আটক করে পুলিশ।
বর্তমানে আটককৃত যুবককে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
আটককৃত যুবক তানিম হোসেন বলেন, পিস্তলটি তার বাবার নামে লাইসেন্স করা। নিজের আত্মরক্ষার জন্য তিনি সেটি সঙ্গে এনেছিলেন।



