লিওনেল মেসি যে আজ শুরুর একাদশে থাকবেন না, এটা একদিন আগেই জানিয়েছেন লিওনেল স্কালোনি। তবে মেসিকে ছাড়াও আর্জেন্টিনার শুরুটা হয়েছে দুর্দান্ত। লো সেলসো ও লাওতারো মার্তিনেসের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে গেছে আর্জেন্টিনা।
আগেই নকআউট নিশ্চিত হওয়ায় আজ যে একাদশ নিয়ে স্কালোনি পরীক্ষা নিরীক্ষা চালাবেন, সেটা অনুমিতই ছিল। আগের ম্যাচের শুরুর একাদশ থেকে আজ ৯টি পরিবর্তন আনেন স্কালোনি! একাদশ বদলালেও আর্জেন্টিনার ধার কমেনি। দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা শুরু থেকেই আক্রমণাত্মক খেলা উপহার দিতে থাকে।
এর মধ্যে ম্যাচের ১৭ মিনিট বক্সের সামান্য বাইরে ফ্রি কিক পায় আর্জেন্টিনা। লো সেলসোকে ফাউল করেছিলেন আবু তাহা। পোস্টের ২০ গজ দূরের জায়গা থেকে নেওয়া বাঁ পায়ের দুর্দানত্ ফ্রি-কিকে জালে বল জড়ান লো সেলসো।
কিছু সময় পর পেনাল্টি পায় আর্জেন্টিনা। এবার হুলিয়ান আলভারেসের ডাইভিং হেড ক্লিয়ার করতে গিয়ে তাঁর মুখে লাথি মারেন হাদ্দাদ। ভিএআর যাচাইয়ে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। সেই স্পটকিকে ঠাণ্ডা মাথায় জালে বল জড়িয়ে ব্যবধান দ্বিগুণ করেন লাওতারো মার্তিনেস।



