বাংলাদেশ বিশ্বকাপ ফুটবলে না থাকলেও ফুটবল উন্মাদনায় মোটেও পিছিয়ে নেই। বিশ্বকাপ এলেই সেটা আরও বেশি স্পষ্ট হয়। বিশেষ করে লাতিন আমেরিকার দুই দেশ আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থন ঘিরে পুরো দেশই যেন দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে!
এর বাইরে স্পেন, ফ্রান্স, জার্মানি, ইংল্যান্ড, ইতালি কিংবা ইউরোপের অন্য দেশের সমর্থকও হয়তো কিছু আছে। কিন্তু সিংহভাগ ভক্ত আর্জেন্টিনা ও ব্রাজিলের। বিশ্বকাপের সময় এ দুদলের পতাকায় ছেয়ে যায় পুরো দেশ, জার্সি গাড়ে ভক্তরা মিছিলও করেন। আবার ম্যাচের দিন একসঙ্গে জড়ো হয়ে বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা করেন।
বাংলাদেশে মানুষের আর্জেন্টিনা ও ব্রাজিলকে নিয়ে যে পাগলামি, সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে সেই খবর জেনেছে সারাবিশ্ব। এবার বাংলাদেশি ব্রাজিল সমর্থকদের উন্মাদনা নিয়ে সংবাদ প্রকাশ করেছে ব্রাজিলের অন্যতম শীর্ষ গণমাধ্যম গ্লোবো ইস্পোর্তে। ‘সবুজ-হলুদে বাংলাদেশ: এশীয়দের ব্রাজিলকে ভালোবাসার কারণ জেনে নিন’ শিরোনামের ওই সংবাদে দেশি ব্রাজিল সমর্থকদের বিভিন্ন ধরনের উদযাপনের খবর উঠে এসেছে।
গ্লোবোর প্রতিবেদনে উল্লেখ করা হয়, ‘বাংলাদেশের রাজধানী ঢাকার রাস্তায় অসংখ্য মানুষ বড় স্ক্রিনে ম্যাচ দেখছে এবং কার্লো আনচেলত্তির দলের জন্য উচ্ছ্বাসে ফেটে পড়ছে।’
বাংলাদেশিদের ব্রাজিলকে নিয়ে উন্মাদনার কারণ হিসেবে গ্লোবোর প্রতিবেদনে বলা হয়েছে, ‘সহজ করে বললে, বিষয়টা হলো— বাংলাদেশের জাতীয় দল আন্তর্জাতিক ফুটবলে তেমন কোনো বড় সাফল্য পায় না (ফিফা র্যাঙ্কিংয়ে তাদের অবস্থান ১৮০-এর আশেপাশে)। তাই বাংলাদেশে ফুটবলপ্রেম মূলত সাউথ আমেরিকার দুই বড় দল—ব্রাজিল এবং আর্জেন্টিনাকে ঘিরে গড়ে উঠেছে। ফলে বাংলাদেশে ফুটবল মানেই দুই ভাগে বিভক্ত সমর্থন—কেউ ব্রাজিলের, কেউ আর্জেন্টিনার।’
গ্লোবোর প্রতিবেদনে দাবি করা হয়েছে, বাংলাদেশে আর্জেন্টিনার চেয়ে ব্রাজিলের সমর্থক বেশি। প্রতিবেদনে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে ঢাকার উন্মাদনার কথা তুলে ধরা হয়েছে।
এদিকে শুধু ব্রাজিলের গণমাধ্যমই নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্রাজিল জাতীয় দলের ফুটবলাররাও বাংলাদেশে থাকা ভক্ত-সমর্থকদের পাগলামির কথা জানেন। জাপানের বিপক্ষে ম্যাচ শেষে আজ যখন ব্রাজিল ফুটবলাররা মিক্সড জোন দিয়ে যাচ্ছিল, তখন বাংলাদেশের নাম শুনে সেলেসাও গোলকিপার আলিসন বেকার বলেছেন, ‘ও নাইস। ধন্যবাদ বাংলাদেশ। আমি তোমাদের ভিডিওগুলো দেখেছি। সত্যিই অসাধারণ। আমাদের সমর্থন করার জন্য অনেক অনেক ধন্যবাদ।’ আর কাসেমিরো বলেছেন, ‘ধন্যবাদ বাংলাদেশ। ব্রাজিলকে সমর্থন দেওয়ার জন্য ধন্যবাদ।’



