ডি বক্সের সামান্য বাইরে ফ্রি-কিক আজকাল লিওনেল মেসির জন্য অনেকটাই পেনাল্টির মতো হয়ে গেছে। ওই অঞ্চল থেকে মেসি ফ্রি-কিক নেওয়া মানেই গোলের সম্ভাবনা অনেকটাই বেড়ে যাওয়া!
আজ সোমবার সকালে এমএলএসের ম্যাচে আবারও তেমন ঘটনার দেখা মিলেছে। সান দিয়েগোর বিপক্ষে ম্যাচে ফ্রি কিক থেকে দারুণ একটি গোল করেছেন আর্জেন্টাইন মহাতারকা। মেসির ওই ফ্রি কিক গোলে পিছিয়ে পড়া মায়ামি সমতায় ফিরেছিল। যদিও শেষ পর্যন্ত ম্যাচটা ২-২ সমতায় শেষ হয়েছে।
এই গোলের মাধ্যমে ক্যারিয়ারে ৯৩০ গোলে পৌঁছালেন মেসি। আর ফ্রি-কিকে মেসির গোলসংখ্যা দাঁড়াল ৭৫। তাতে ফ্রি-কিকে গোলসংখ্যায় ব্রাজিলের সাবেক তারকা জাইর রোসা পিন্তোকে ছাড়িয়ে গেলেন মেসি। ফ্রি-কিকে মেসির সামনে এখন শুধুই ব্রাজিলের আরেক সাবেক তারকা মার্সেলিনিও কারিওকা।
ফ্রি-কিক থেকে কারিওকা গোল করেছেন ৭৮টি। অর্থাৎ কারিওকাকে ছুঁতে আর মোটে ৩টি ফ্রি-কিক গোল দরকার মেসির। আর ছাঁড়িয়ে যেতে দরকার ৪টি ফ্রি-কিক গোল।
ক্রম | ফুটবলার | দেশ | ক্যারিয়ার | ফ্রি-কিক গোল |
১ | মার্সেলিনিও কারিওকা | ব্রাজিল | ১৯৮৮-২০১২ | ৭৮ |
২ | লিওনেল মেসি | আর্জেন্টিনা | ২০০৪-বর্তমান | ৭৫ |
৩ | জাইর রোসা পিন্তো | ব্রাজিল | ১৯৩৮-১৯৬৩ | ৭৪ |
৪ | ববের্তো দিনামিতে | ব্রাজিল | ১৯৭১-১৯৯৩ | ৭৩ |
৫ | জুনিনিও পারনামবুকানো | ব্রাজিল | ১৯৯৩-২০১৩ | ৭২ |
এ তালিকায় পরের দিকে আছেন ব্রাজিলের সাবেক ববের্তো দিনামিতে (৭৩), জুনিনিও পারনামবুকানো (৭২), মার্কোস আসুনসাও (৬৮)। অর্থাৎ শীর্ষ ৬-এ ব্রাজিলের দাপটে একমাত্র আর্জেন্টাইন মেসি।
আর্জেন্টাইন কিংবদন্তি অবশ্য এরই মধ্যে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। আগামী ৬ অক্টোবর জাতীয় দলের জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি।
তবে ক্লাব ফুটবলে এখনো খেলা চালিয়ে যাচ্ছেন ৩৯ বছর বয়সী মেসি। যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামির সঙ্গে মেসির চুক্তি ২০২৮ মৌসুমের শেষ পর্যন্ত। তাই সর্বোচ্চ ফ্রি-কিক গোলের তারিকায় শীর্ষে ওঠার সুযোগ ভালোভাবেই আছে মেসির সামনে।



