দীর্ঘ ২১ বছর আর্জেন্টিনার জার্সিতে খেলার পর গত মাসে জাতীয় দলের হয়ে শেষ ম্যাচ খেলেছেন লিওনেল মেসি। আর্জেন্টিনা এবার শুরু করতে যাচ্ছে মেসি-উত্তর যুগ। সেই যুগের শুরুতে আগামী ১৩ নভেম্বর উরুগুয়ের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এর ঠিক ৪ দিন পর আলবিসেলেস্তেরা খেলবে কোস্টারিকার বিপক্ষে।
এ দুটি প্রীতি ম্যাচের জন্য ২৮ সদস্যের দল ঘোষণা করেছেন লিওনেল স্কালোনি। সেই দলে জায়গা হয়নি রদ্রিগো দে পল, লো সেলসো ও নিকো গনসালেসের মতো তারকার।
অনুমিতভাবেই আর্জেন্টিনার স্কোয়াডে তরুণদের আধিক্য বেশি। ২০২৮ কোপা আমেরিকা ও ২০৩০ বিশ্বকাপকে সামনে রেখেই নতুন করে দল পুনর্গঠনের পথেই হাঁটার ইঙ্গিত মিলেছে স্কালোনির কথায়। সে কারণেই তিনি পুরোনোদের অনেককেই দলে রাখেননি।
এর মধ্যে নিকো গনসালেস ও লো সেলসোর ফর্ম নিয়ে অনেক দিন ধরেই কথা হচ্ছিল। সম্প্রতি দে পল ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন। ৩২ বছর বয়সী এ মিডফিল্ডারও আগের মতো ফর্মে নেই। ফলে স্কালোনির ঘোষিত এবারের দলে জায়গা হয়নি এ তিনজনের। এছাড়া চোটের কারণে এবারের স্কোয়াডে নেই লাওতারো মার্তিনেস ও ক্রিস্তিয়ান রোমেরো। স্কালোনি ঘোষিত ২৮ সদস্যের দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন তরুণ সেন্টার-ব্যাক অ্যারন আনসেলমিনো।
নভেম্বরের ফিফা উইন্ডোর আর্জেন্টিনা দল:
গোলকিপার: এমিলিয়ানো মার্তিনেস, হেরেনিমো রুইয়ি, হুয়ান মুসো, সান্তিয়াগো বেলত্রান।
ডিফেন্ডার: গনসালো মন্তিয়েল, অগাস্তিন গিয়াই, অ্যারন আনসেলমিনো, মারিয়ানো ত্রোইলো, লেওনার্দো বালের্দি, লিসান্দ্রো মার্তিনেস, ফাকুন্দো মেদিনা, নিকোলাস তাগলিয়াফিকো, রোমান ভেগা।
মিডফিল্ডার: এজেকুইয়েল ফের্নান্দেস, মাক্সিমো পেরোনে, এক্সেকুইয়েল পালাসিওস, ভালেন্তিন বার্কো, আলেক্সিস মাক-আলিস্তার, এনসো ফের্নান্দেস, নিকোলাস পাজ।
ফরোয়ার্ড: মাতিয়াস সুলে, ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো, জিউলিয়ানো সিমেওনে, জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি, থিয়াগো আলমাদা, হোসে মানুয়েল লোপেস, সান্তিয়াগো কাস্ত্রো, হুলিয়ান আলভারেস।


