নারী উদ্যোক্তাদের স্বপ্ন থেমে নেই

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৬ এএম

এ কথা অস্বীকার করা যাবে না, দেশের সাম্প্রতিক অস্থিতিশীল পরিস্থিতি কারণে অনেকেই ক্ষতির সম্মুখীন হয়েছেন। যখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়, তখন চাকরিজীবী বা অন্যান্য পেশাজীবীরা তাঁদের কর্মস্থলে ফিরতে পেরেছেন। কিন্তু উদ্যোক্তারা সংকটময় পরিস্থিতির শুরু থেকেই ভয়াবহ সংকটের মধ্য দিয়ে গেছেন। বিশেষ করে যখন ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ছিল, তখন তাদের অনলাইন ব্যবসায় পুরোপুরি ধস নামে। কারণ, উদ্যোক্তাদের ব্যবসার একমাত্র মাধ্যম ছিল অনলাইন, আরও ভালো করে বললে সামাজিক যোগাযোগমাধ্যম।

এই সময় উদ্যোক্তাদের অনেকে সামাজিক বুলিংয়ের শিকারও হয়েছেন। এতে উদ্যোক্তাদের ব্যবসায়িক ক্ষতির পাশাপাশি মানসিক ক্ষতিও হয়েছে। সব মিলিয়ে গত দুই মাস অনলাইন উদ্যোক্তারাদের কঠিন সময় গেছে। বর্তমানে উদ্যোক্তারা নতুনভাবে কাজে ফিরতে চান। তাই উদ্যোক্তারা সামগ্রিক স্থবিরতা কাটাতে আয়োজন করেছেন ‘আনন্দ উঠান’।

দেশীয় উদ্যোক্তাদের মিলনমেলা এ ‘আনন্দ উঠান’। রাজধানীর মাইডাস সেন্টারে আজ ও আগামীকাল এই মেলা সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। মেলায় ৩২ উদ্যোক্তা তাঁদের বৈচিত্র্যময় পণ্য নিয়ে থাকবেন। এবারের ‘আনন্দ উঠান’‑এ আছে পটের বিবি, শাড়িকথন, সুতলি, তেরো পার্বণ, ঋ, মল্লিকা, কালিন্দী, দেশী বুনন, গথিয়া, মিথ আর্ট অ্যান্ড ক্রাফটস, পোশাক বাই তাননাস, নয়া, খুঁত, বাঙুরি, আরুনিকা, ক্যানভাস, এনস কিচেন, বিজেন্স, তানিস বাংলাদেশ, আর্টেমিস, অন্দর, বোকা বাক্স, দয়ীতা, রংধনু ক্রিয়েশনস, মিন্ডালা ডটকম, দীঘল, আঁচারি, শখের ডিব্বা, আটকুঠুরি নয় দরজা, সম্পূর্ণা, চিয়ারি শেফ, দিশাস রোডব্লক আর পৌরাণিক।

নির্ধারিত সময়ের ৩০ মিনিট পর মেলায় ঢুকতেই চোখে পড়ল উদ্যোক্তাদের ব্যস্ততা। তাঁদের কেউ বিক্রির জন্য আনা শাড়ি, কানের দুল, গয়না, ব্যাগসহ হরেক রকমের বৈচিত্র‍্যময় জিনিস গুছিয়ে রাখার শেষ মুহূর্তের কাজ করছেন। আবার কাউকে কাউকে দেখা গেল খাবারের প্লেট তৈরি করতে। তাই মাইডাস সেন্টারে মেলায় পৌঁছাতেই একটা উৎসব উৎসব অনুভূতি হলো। দেরি না করে কথা বললাম কয়েকজন উদ্যোক্তার সঙ্গে।

মেলায় ছিল বিভিন্ন ধরনের গয়না। ছবি: ইনডিপেনডেন্ট ডিজিটাল

ফোয়ারা ফেরদৌস
গত বছর থেকে শুরু হয় এই ‘আনন্দ উঠান’ আয়োজন। ‘পটের বিবির’ ফোয়ারা ফেরদৌস ছিলেন এই আয়োজনের মূল আয়োজক। ‘আনন্দ উঠান’ আয়োজনের প্রাসঙ্গিকতা নিয়ে বলেন, ‘আনন্দ উঠান’ এবার দ্বিতীয়বারের মতো আয়োজিত হচ্ছে। মূলত আমি গত বছর ‘আনন্দ উঠান’ শুরু করেছিলাম। এর উদ্দেশ্য ছিল, যেসব উদ্যোক্তা অনলাইন ব্যবসা করেন, তাঁরা যেন অফলাইনে মানে মেলায় ছোট দোকানের মতো সাজিয়ে নিজেদের পণ্য বিক্রি করার মতো পরিবেশ পান। যেখানে ক্রেতারা এসে নিজের চোখে অনলাইন উদ্যোক্তাদের দেখবেন। এবারে ‘আনন্দ উঠান’ আয়োজন শুরু করি ছয়মাস আগে। কিন্তু গত দুই মাসে দেশের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন ঘটে। দেশের এই পরিস্থিতিতে মনে হলো এবারের ‘আনন্দ উঠান’ আয়োজন করা যাবে না। কিন্তু পরে যখন দেখলাম আমার মতো শত শত অনলাইন উদ্যোক্তার উদ্যোগের পণ্য বিক্রি বন্ধ হয়ে গেছে। আবার অনেক উদ্যোক্তা অনলাইনে বুলিংয়ের শিকারও হচ্ছেন। তখন আশপাশের উদ্যোক্তাদের কাছে জানতে চাইলাম, আমরা কী ‘আনন্দ উঠান’ আয়োজন করতে পারি? এ কথা শুনে মোটামুটি সবাই রাজি হন। কারণ, দেশের এই পরিস্থিতিতে সবার জীবিকা হুমকির মুখে ছিল। এবারের আয়োজন আমি একা করিনি। কয়েকজন  উদ্যোক্তা মিলে ‘আনন্দ উঠান’ আয়োজন করি। এ বছর আমরা সবাই সবাইকে মানসিক শক্তি দেওয়ার জন্য এই ‘আনন্দ উঠান’ আয়োজন করি। তাই এবারের মেলার অভিজ্ঞতা অনেক আলাদা।

‘আনন্দ উঠান’ আয়োজনের পেছনে মূল লক্ষ্য, আমরা যদি দুদিন মেলা বা আড্ডার মতো কিছু করি, তবে সেখানে উদ্যোক্তা আর ক্রেতাদের মিলনমেলা হতে পারে। তাহলে উদ্যোক্তারা কিছুটা হলেও ঘুরে দাঁড়ানোর সাহস পাবে। এ ছাড়া আমাদের ব্যবসায়িক বন্ধুদের সঙ্গে মেলবন্ধন তৈরি হবে। কাজের অনুপ্রেরণায় ক্ষেত্র তৈরি হবে। এখানে ক্রেতাদের কিনতেই হবে, তা কিন্তু নয়। তাঁরা আসবেন, ঘুরে ঘুরে দেখবেন। এতে ক্রেতা আর বিক্রেতার মধ্যে এক ধরনের সংযোগ তৈরি হবে।

ফাতেমা আবেদীন নাজলা
‘আনন্দ উঠান’ আয়োজনে শুধু পোশাক, গয়না, শাড়ির স্টল ছিল না। এখানে ছিল জিভে জল আসার মতো খাবারের স্টল। যেখানে প্লেটে প্লেটে সাজানো ছিল হরেক রকমের খাবার। ‘আনন্দ উঠান’ আয়োজনে অংশগ্রহণকারীদের একজন ‘এন’স কিচেন’‑এর কর্ণধার ও রন্ধনশিল্পী ফাতেমা আবেদীন নাজলা। তিনি ২০২০ সালে শুরু করেন এন’স কিচেন। তিনি তাঁর উদ্যোক্তা জীবনে করোনাকালে অতিক্রম করেন। ‘আনন্দ উঠান’ আয়োজন প্রসঙ্গে তিনি বলেন, ‘করোনাকাল বা দেশের সাম্প্রতিক অস্থিতিশীল পরিস্থিতি উদ্যোক্তাদের জন্য ভয়াবহ সংকটের সময়। তবে করোনাকালে নতুন নতুন উদ্যোক্তা তৈরি হয়েছিল। তখন অনলাইনে কাজ করার সুযোগ ছিল। ক্রেতাদের সঙ্গে বিক্রেতাদের লেনদেন ছিল।’

ফাতেমা আবেদীন নাজলা মনে করেন, ‘২০২৪ সালের রাজনৈতিক অস্থিরতার বিষয়টি অর্থনীতিতে ব্যাপক প্রভাব ফেলেছে। গত দুই মাস মানুষের কেনাকাটা একেবারেই বন্ধ ছিল। দেশের মানুষ অস্থির সময়ে কেনাকাটা কিংবা খাবারের দিকে নজর দেন না। আমার প্রতিষ্ঠান জুলাই-আগস্ট পুরোপুরি দুইটা মাস বন্ধ ছিল। অনলাইনভিত্তিক ব্যবসাপ্রতিষ্ঠান ই‑কমার্স বা এফ‑কমার্স বলেন, এরা পুরোপুরি ধসে গেছে। কারণ, ইন্টারনেট না থাকার কারণে সে সময় অনলাইন ব্যবসা পুরোপুরি বন্ধ ছিল। এ সময় বাসা ভাড়া, কর্মচারীর বেতন বন্ধ ছিল না। তাই আমি খুবই ভয়াবহ সময় কাটিয়েছি। বলা যায়, কঠিন সময় পাড়ি দিয়েছি।’

ইনডিপেনডেন্ট ডিজিটালকে নাজলা বলেন, ‘গত দুই মাসে খাবারের অনেক ক্ষুদ্র উদ্যোক্তা তাঁদের ব্যবসা বন্ধ করে দিয়েছেন। কারণ, তাদের পক্ষে এত ক্ষতির মুখে টিকে থাকা সম্ভব না। আমরা খাদ্যবিষয়ক উদ্যোক্তারা খাদের কিনারায় দাঁড়িয়ে আছি। যেকোনো সময় ধাক্কা দিলে আমরা নিচে পড়ে যাব। অর্থের জোগান দেওয়াটা আমাদের জন্য খুবি কঠিন বিষয়। ফলে আমরা উদ্যোক্তারা কঠিন থেকে কঠিনতর সময় পার করছি। কিন্তু এই অবস্থা থেকে ফিরতে চাচ্ছি।’

আনন্দ উঠনের আয়োজন সম্পর্কে এই উদ্যোক্তা বলেন, ‘এই খারাপ সময়ে ঘুরে দাঁড়ানোর জন্য তো কোনো একটা জায়গা থেকে শুরু করতে হবে। পাশাপাশি দেশের মানুষকে জানাতে হবে আমরা উদ্যোক্তারা আছি। তাই ‘আনন্দ উঠান’ আয়োজন। আয়োজনে এসে ক্রেতারা আমাদের কাজগুলো দেখুক, মূল্যায়ন করুক। আমাদের এই ভাবনার উদ্দেশ্য কিন্তু মোটেও বিক্রি না। আমরা লাখ লাখ টাকা বিক্রি করতে চাই না। আমরা শুধু মানুষকে জানাতে চাই, আমরা আছি এবং থাকব। এটাকে বেচাকেনার মেলা না বলে বলতে চাই, অনেক মানুষের মিলনমেলা।’

হারিকেনও ছিল মেলায়। ছবি: ইনডিপেনডেন্ট ডিজিটাল

মুনিয়া জামান
এই আয়োজনে পাটের তৈরি পণ্য নিয়ে এসেছেন ‘কালিন্দী’ কর্ণধার মুনিয়া জামান। ২০২১ সাল থেকে তিনি এই উদ্যোগের সঙ্গে আছেন। কালিন্দীর মূল পণ্য পাটের তৈরি ব্যাগ। এর বাইরে চামড়ার ব্যাগও তৈরি করেন। কেন ‘আনন্দ উঠান’ আয়োজন? এ বিষয়ে মুনিয়া জামান বলছেন, ‘অনলাইনকেন্দ্রিক কার্যক্রমে শুরু থেকে আমরা কাজের ভালো পরিবেশ পেয়েছি। সাম্প্রতিক ইন্টারনেট বন্ধ হয়ে যাওয়ার ঘটনায় মানসিকভাবে প্রস্তুত ছিলাম না। গত দুই মাসে দেশের পরিবর্তিত পরিস্থিতির কারণে বেশ কিছুদিন সচল হতে পারিনি। যখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়, তখন হয়তো কোনো কোনো উদ্যোক্তা অনলাইনে ব্যবসায়িক পোস্ট করেছেন। কিন্তু এই পোস্টের কারণে তাকে নানাভাবে সামাজিক বুলিংয়ের শিকার হতে হয়েছে। সামাজিক বুলিংয়ের কারণে এমন অনেক উদ্যোক্তা আছেন, যারা অনলাইনে তাদের ব্যবসা পরিচালনা অফ করেও দিয়েছেন।’

এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতেই এ উদ্যোগ বলে জানান মুনিয়া। তিনি বলেন, ‘এই অবস্থা থেকে ঘুরে দাঁড়ানোর জন্য আমাদের জন্য একটা উপলক্ষ খুব দরকার ছিল। কারণ, একবার কাজে ছন্দপতন হলে, সে কাজে একই গতিতে ফিরে আসা কঠিন। উদ্যোক্তাদের জন্য এখন কঠিন সময়। নিজেদের কাজে ফেরার জন্য আসলে প্রয়োজন একটা উপলক্ষ। ‘আনন্দ উঠান’ হলো সেই উপলক্ষ। কেনাকাটার জন্যই আসতে হবে, এটা জরুরি না। কেমন পণ্য চান, কেমন হলে ভালো হয়–সেই পরামর্শ দিতে আসবেন।’

জিনাত জাহান নিশা
‘বিজেন্স’‑এর সঙ্গে আছেন জিনাত জাহান নিশা। বিজেন্স ২০১৫ সাল থেকে কাজ করছে। চার ভাইবোনের নামের প্রথম অক্ষর দিয়ে উদ্যোগের নামকরণ। গত দুই মাসে সামাজিক বুলিংয়ের শিকার হয়েছেন নিশা। কিন্তু তিনি থেমে থাকেননি।

সাম্প্রতিক ঘটনা প্রসঙ্গে নিশা বলেন, ‘করোনাকালে আমরা অনেক কঠিন সময় পার করেছি। তবে, করোনাকালের চেয়ে সাম্প্রতিক দেশের পরিবর্তিত পরিস্থিতিতে উদ্যোক্তাদের অনেক বেশি কঠিন সময় পার করতে হয়েছে। আমাদের পূর্বের কোনো অভিজ্ঞতা ছিল না, এই পরিস্থিতিতে কী করণীয়? বিশেষ করে আমাদের মতো উদ্যোক্তারা, যারা অনলঅইন পেশায় জড়িত। এই সময়কার পরিস্থিতি আমাদের কাজের পাশাপাশি মনের ওপর প্রভাব ফেলেছে। অর্থনৈতিকভাবে ক্ষতির সম্মুখীনও হয়েছি অনেক বেশি। উদ্যোক্তাদের জন্য এটা আসলে পেশা। একটা সময় কিন্তু চাকরিজীবী বা অন্য পেশার মানুষেরা কাজে যেতে পেরেছেন। কিন্তু আমরা উদ্যোক্তারা নিজেদের পেশায় ঢুকতে পারিনি। কারণ, আমরা সামাজিকভাবে বুলিংয়ের শিকার হয়েছি। শখের কাজ বলে ব্যবসা বন্ধ রাখব? সেটা বিজেন্স করেনি। আমরা মোটামুটি যখন নেটওয়ার্ক পেয়েছি, তথন থেকে কাজ শুরু করে দিয়েছি। কারণ, এটা তো আমাদের রুটি রুজির জায়গা।’

নিশা মনে করেন, নিজেদের মনোবল বৃদ্ধি করার জন্যই ‘আনন্দ উঠান’। এবারের আয়োজন তাই অনেক ভিন্ন। কারণ, গত দুই মাস অনলাইন ব্যবসায় স্থবিরতা ছিল। উদ্যোক্তারা গত দু’মাস যে মানসিক পীড়নে ছিলেন, এই আয়োজনের মাধ্যমে সেই অস্থিরতার কাটাতে চান। একে অপরের পাশে থেকে শক্তি দেওয়ার জন্য এই মেলার আয়োজন।

মেলায় একটি স্টলে ছিল হরেক রকমের গয়না। ছবি: ইনডিপেনডেন্ট ডিজিটাল

ইথা চাকমা
ইথা চাকমার উদ্যোগের নাম ‘বাঙুরি’। হাতের তৈরি গয়না তৈরি করেন তিনি। শুরু করেছেন ২০১৫ সাল থেকে। ইনডিপেনডেন্ট ডিজিটালকে ইথা চাকমা বলেন, ‘গত দুই মাস অনলাইন উদ্যোক্তাদের সামগ্রিক অবস্থা ভালো ছিল না। সেখান থেকে ঘুরে দাঁড়ানোর জন্য ‘আনন্দ উঠান’। এই দুদিনের মেলায় আমরা ক্রেতাদের চাহিদা বোঝার চেষ্টা করব। পরে সে অনুযায়ী গয়না তৈরি করব।’

তানিয়া নাজনীন
তানিয়া নাজনীনের উদ্যোগের নাম ‘তানিজ বাংলাদেশ’। তানিয়া ২০১৭ সাল থেকে ন্যাচারাল ডাই নিয়ে কাজ করছেন। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে অনলাইন ব্যবসা কেমন চলছে জানতে চাইলে তানিয়া নাজনীন বলেন, ‘গত দুই মাস আমাদের মধ্যে এক ধরনের স্থবিরতা ছিল। সেটা থেকে উত্তরণের উপায় হিসেবে ‘আনন্দ উঠান’ মেলা। এবারের ক্রেতা‑বিক্রেতাদের মিলনমেলা শুধু বিক্রয়ের উদ্দেশ্যে নয়। জীবন আসলে জীবনের গতিতে চলবে। আমাদের সবাইকে যে যার জায়গা থেকে দায়িত্ব নিতে শিখতে হবে। কাজই মুক্তির পথ। মূলত এই ভাবনা থেকে ‘আনন্দ উঠান’ আয়োজন। স্থবিরতকে অতিক্রম করে অন্যদের নিয়ে কাজে ফেরার চেষ্টায় উত্তরণের পথ।’

নিশাত মেহেদী
নিশাত মেহেদীর উদ্যোগের দীঘল আঁচারি । আঁচারি মূলত আচার নিয়ে কাজ করছে। এখানে মৌসুমি বিভিন্ন আচার তৈরি করা হয়, সঙ্গে বালাচাও বিক্রি করা হয়। আর দীঘল হচ্ছে হারবাল পণ্যের সমাহার। কেমন চলছে ব্যবসা–এই প্রশ্নের উত্তরে নিশাত মেহেদী বলেন, ‘গত দুই মাসে দেশে স্বাভাবিক পরিস্থিতি ছিল না। ইন্টারনেট বন্ধ হওয়ার কারণে অনলাইন বেচাকেনা একেবারেই বন্ধ হয়ে গিয়েছিল। সব উদ্যোক্তা খারাপ সময়ের মধ্য দিয়ে গেছে। এই খারাপ সময় থেকে উত্তরণের জন্য মনোবল শক্ত করার জন্য ‘আনন্দ উঠান’ উৎসব। আজকে সকাল থেকে অনেক ক্রেতা আসছেন। তাঁরা আমাদের  অনুপ্রেরণা দিচ্ছেন। এটা ভালো লাগছে।’

হয়তো আপনার পরিচিত কোনো স্কুলপড়ুয়া মেয়ের ফেসবুক আইডি থেকে অদ্ভুত কিছু বার্তা পেলেন। অবাক হবেন না, হয়তো আপনার পরিচিত সেই মেয়েটি সাইবার অপরাধের নির্মম শিকার। এমন ভুয়া আইডি তৈরি করে বিভিন্নজনকে পাঠানো...
দেশে মোট শ্রমশক্তি সাত কোটির বেশি, এর মধ্যে দুই কোটিরও বেশি নারী। যা এখন মোট শ্রমশক্তির প্রায় ৩৯ শতাংশ। বর্তমানে কর্মক্ষেত্রে অবদান বাড়লেও মজুরি আর মর্যাদায় এখনো পিছিয়ে নারীরা। কমেনি বৈষম্য। খাত...
গণিত অনেকের কাছেই কঠিন একটি বিষয়। সমীকরণ আর জটিল তত্ত্বে ভরা এই জগৎ অনেক সময় ভয়ও জাগায়। কিন্তু এই কঠিন বিষয়কেই নিজের ভালোবাসা আর মেধা দিয়ে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিলেন মরিয়ম মির্জাখানি। তাঁর...
নারীর প্রতি ক্রমশ বাড়তে থাকা নিপীড়নের মধ্যে আজ বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। যুদ্ধ, মানব পাচার আর সাইবার জগতে নারীর সুরক্ষায় সবার অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। বিশ্বের...
পথসভায় জাতীয় নাগরিক পার্টির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার অটো পাসের মতো করে সরকার চালাতে চায়। আবু সাঈদের রক্তের উপর দাঁড়িয়ে জনগণের সেবা না করে, বাংলাদেশে আর কাউকে অটো পাসের...
কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাত-উল-ফারহাদ জানান, গত বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মোছা. রিম্পা নামের এক নারী বন্দি পালিয়ে যান। রোববার তাকে মোহাম্মদপুর থেকে...
আওয়ামী লীগ সরকারের আমলে পাসপোর্ট থেকে বাদ দেওয়া ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) শব্দগুচ্ছ আবারও যুক্ত হচ্ছে। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানা গেছে। এ ছাড়া নতুন...
আগামী বছর যেসব নতুন এয়ারক্রাফট যুক্ত হবে, সেগুলোতে থাকবে ওয়্যারলেস স্ট্রিমিং, ইন-ফ্লাইট ইন্টারনেট এবং প্রতিটি সিটে মোবাইল চার্জিং সুবিধা। পৃথিবীর অনেক এয়ারলাইন্স যেখানে এই সেবার জন্য অতিরিক্ত...
লোডিং...

এলাকার খবর