নারী ফুটবল খেলোয়াড়দের অপরাধ কী?

আপডেট : ০৪ আগস্ট ২০২৩, ০৬:৪০ পিএম

এই সেদিনের ঘটনা। গত শনিবার খুলনার বটিয়াঘাটার কয়েকজন নারী ফুটবলার নিজ গ্রামে হেনস্তায় শিকার হন। এই ঘটনার পর সেখানকার নারী খেলোয়াড়রা নিরাপত্তাহীনতায় ভুগছেন। পৃথিবীর এক প্রান্তে যেখানে নারী ফুটবল বিশ্বকাপ চলছে। সেখানে বটিয়াঘাটায় এই ঘটনা গোটা দেশের জন্যই অসম্মানজনক।

সেদিন কী ঘটনা ঘটেছিল

খুলনার বটিয়াঘাটা উপজেলার তেঁতুলতলা এলাকার খেলার মাঠে নারী ফুটবলাররা অনুশীলন করে। খুলনা জেলা অনূর্ধ্ব ১৭ দলের খেলোয়াড় সাদিয়া। অন্য দিনের মতো সেদিন সাদিয়া সেই মাঠে অনুশীলন করে। কিন্তু খেলার মাঠে তার অনুশীলনের বিষয়টি ভালোভাবে নিতে পারেননি নূপুর খাতুন নামে এক নারী। তিনি তাঁর মোবাইলে অনুশীলনরত সাদিয়ার ছবি তোলেন। এবং সেই ছবি কুরুচিপূর্ণ বক্তব্যসহ পাঠিয়ে দেন সাদিয়ার মা এবং আত্মীয়স্বজনদের কাছে।

প্রতিদিনের মতো সেদিন সাদিয়া অনুশীলন শেষে বাড়ি ফিরে নিজের অনুশীলনের ছবি ঘিরে আজেবাজে মন্তব্যের কথা জানতে পারেন। এর প্রতিবাদ করায় নূপুর খাতুন এবং তাঁর পরিবারের সদস্যদের দ্বারা হামলার শিকার হন ফুটবলার সাদিয়া, মঙ্গলী বাগচী, জুঁই মন্ডল, জারা হাজরা। সেদিনের হামলায় মাথায় রডের আঘাত পান মঙ্গলী বাগচী। পরে তাকে নিয়ে যাওয়া হয় বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেদিনের ঘটনার মূল কেন্দ্রবিন্দু ছিল খেলার মাঠে সাদিয়ার হাফপ্যান্ট পরে ফুটবল খেলা।

আইনশৃঙ্খলা বাহিনীর কাজ কী

এই ঘটনায় ভুক্তভোগী সাদিয়া বাদী হয়ে চারজনকে অভিযুক্ত করে বটিয়াঘাটা থানায় মামলা করেন। মামলায় আসামী করা হয় নূপুর খাতুন, তাঁর মা, বাবা ও ভাইকে। এর মধ্যে নূপুর খাতুনকে গ্রেপ্তার করে পুলিশ। মামলার অভিযুক্ত বাকি তিনজন গত ১ আগস্ট আত্মসমর্পণ করে জামিনে ছাড়া পেয়েছেন। তাহলে কি এই ঘটনার সঙ্গে জড়িত নূপুরের পরিবার অনেক বেশি শক্তিশালী?

অভিযুক্তদের দাপট

ঘটনা এখানেই শেষ হওয়ার কথা নয়। এই ঘটনার পর অভিযুক্তরা ভুক্তভোগীদের হুমকি দিচ্ছে। এই হুমকি মামলা তুলে নেওয়ার জন্য। এমনকি এসিড নিক্ষেপের হুমকিও দেওয়া হচ্ছে। এই বিষয়ে ভুক্তভোগী সাদিয়া আবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এই পরিস্থিতিতে অন্য নারী খেলোয়াড়রা নিরাপত্তাহীনতায় ভুগছেন, যা স্বাধীন দেশের জন্য মোটেও কাম্য নয়।

নারী ফুটবলারদের সাফল্য

আমরা কি গত বছরের আমাদের নারী খেলোয়াড়দের সাফ নারী চ্যাম্পিয়নশিপ অর্জনের কথা ভুলে গেছি? অনেক বাধা-বিপত্তি কাটিয়ে সেদিন বিশ্ব দরবারে নারী ফুটবলাররা স্থান করে নেন। এই বিজয়ের পর ঢাকার রাজপথে প্রাণঢালা শুভেচ্ছা পান তারা। ক্রীড়াঙ্গণে নারীদের এই সাফল্যের পর পুরো দেশ আনন্দের সাগরে ভেসেছিল। সেই জায়গায় গত শনিবারের খুলনার বটিয়াঘাটায় মারধর ও লাঞ্ছনার ঘটনা খুবই নিন্দনীয়।

নারীরা কেন টার্গেটের কেন্দ্রবিন্দু

দেশের ক্রীড়াঙ্গণে নারী খেলোয়াড়রা অনেক বাধা-বিপত্তি অতিক্রম করে তাদের খেলাধুলার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। শহরের তুলনায় তৃণমূল পর্যায়ের নারী খেলোয়াড়দের বাধার মুখোমুখি হতে হয় বেশি। এই কারণে খুলনার বটিয়াঘাটায় নারী ফুটবলারদের কেন্দ্র করে মারধর ও লাঞ্ছনার ঘটনা ঘটে। এই ধরনের ঘটনা খুবই নিন্দনীয় বলে মনে করেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) কোচ ও প্রাক্তন ফুটবলার জয়া চাকমা।

জয়া বলেন, ‘এখন তো পঞ্চম শ্রেণি পর্যন্ত ফুটবল খেলা সরকার বাধ্যতামূলক করে দিয়েছে। এই পরিস্থিতিতে বাটিয়াঘাটার ঘটনা খুবই দুঃখজনক। আমাদের দেশের গ্রামগুলোতে নারীদের পড়ালেখা করতে না দেওয়ার যে প্রবণতা, তারই প্রভাব রয়েছে বাটিয়াঘাটার ঘটনায়। এতে খুব স্বাভাবিকভাবে গ্রামের নারীরা হাফপ্যান্ট পরা অন্য নারীর ফুটবল খেলাকে সহজভাবে নিতে পারছে না। এই পরিস্থিতি থেকে উত্তরণের উপায় হচ্ছে গ্রামের নারীদের শিক্ষিত করা। বাটিয়াঘাটার মতো ঘটনা প্রতিনিয়ত ঘটছে আর ভবিষ্যতেও ঘটবে। এসব ঘটনাকে এড়িয়ে চলা যাবে না। আমরা আমাদের অবস্থান থেকে প্রতিবাদ জারি রাখতে  হবে।’

জয়া চাকমা এই ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের শাস্তি চান। পাশাপাশি তিনি অভিযুক্তদের মন-মানসিকতার পরিবর্তন চান। এই পরিবর্তনের জন্য গণসচেতনতার কোনো বিকল্প নেই বলে মনে করেন তিনি। তিনি বলেন, ‘এ ক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধিরা দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারেন। এ ছাড়া বিভিন্ন এনজিও প্রত্যন্ত অঞ্চলে সচেতনতা কর্মসূচি চালিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তারা যদি প্রত্যন্ত অঞ্চলগুলোতে নারীদের স্বাধীনতার বিষয়ে ধারণা দিতে পারেন, তাহলে পরিস্থিতির অনেক পরিবর্তন ঘটতে পারে।’

নারীর প্রতি বিদ্বেষ

নারী-পুরুষের সমঅধিকারের কথা বলা হলেও সমাজে নারীর প্রতি বৈষম্য বিদ্যমান। পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার কারণে নারীদের অগ্রযাত্রা অনেকে মেনে নিতে পারেন না। ক্রীড়াঙ্গনও এর ব্যতিক্রম নয়।

এ বিষয়ে বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম বলেন, ‘এই ধরনের ঘটনা প্রমাণ করে, আমাদের মাথার মধ্যে গেঁথে রয়েছে নারীর প্রতি বৈষম্য। আমরা আমাদের মগজে নারী বৈষম্য, নারী বিদ্বেষ লালন করি। নারীরা মাথা তুলে এগিয়ে যাক-এটা অনেকেই চায় না। নারীরা মাথা তুলে দাঁড়ালে তাদের বেগম রোকেয়ার কথা মনে পড়ে। ‘মস্তক তুলিলে তাদের চূর্ণ করিয়া দাও’-সেই মস্তক চূর্ণ করার সংস্কৃতি আমরা এখনও বহন করে চলছি। আমরা এই দেশে ৫২ বছর ধরে নারী আন্দোলন করছি। নারী জীবনের অনেক আগ্রগতি হয়েছে। কিন্তু গুণগতভাবে নারীর প্রতি বিদ্বেষ সমাজের গভীরে প্রথিত হয়ে আছে। সেই জায়গা থেকে সমাজকে তুলতে হবে। তবে এই কাজ শুধু নারীর একার পক্ষে সম্ভব নয়। রাষ্ট্র, প্রশাসন, নারী-পুরুষ সকলকে এই দায়িত্ব নিতে হবে। বিচারহীনতার সংস্কৃতি, কুসংস্কার, নারী বিদ্বেষ দূর করতে হবে। নারীরা ফুটবল খেলতে পারবে না, হাফপ্যান্ট পরতে পারবে না। এই ধরনের প্রচলিত ধ্যান-ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। নারীদের পোশাক, কাজকর্ম নিয়ে যে ধারণা তার পরিবর্তন ঘটাতে হবে। আমাদের নারী ফুটবলাররা দেশের বাইরে সাফল্য অর্জন করছে। সেই জায়গায় আমরা বলছি নারীরা খেলাধুলা করতে পারবে না। এই যে আমরা বলছি ছেলেরা ফুটবল, ক্রিকেট খেলতে পারবে, আর নারীরা খেলতে পারবে না, এই ভাগাভাগির মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে।’

বিচারহীনতার সংস্কৃতি

এ দেশে সর্বত্র নারীরা হেনস্তার শিকার হচ্ছেন। পত্রিকার পাতা ওল্টালে দেখা যায় প্রতিদিন অহরহ ঘটছে এই ধরনের ঘটনা। তবে এসব ঘটনায় বেশির ভাগ ক্ষেত্রে অপরাধীরা ধরা-ছোঁয়ার বাইরে চলে যাচ্ছেন। এই বিচারহীনতার সংস্কৃতির কারণে অপরাধীরা পরে আরও অপরাধমূলক কাজ করতে ভয় পাচ্ছে না।

খুলনার বটিয়াঘাটার গত শনিবারের ঘটনায় এই পর্যন্ত একজনকে গ্রেপ্তার মোটেও গ্রহণযোগ্য নয় বলে মনে করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইমতিয়াজ মাহমুদ। তিনি বলেন, ‘এটা কোনো ব্যক্তিগত আক্রমণ না। এটি হচ্ছে একটা আদর্শিক জায়গা থেকে একজন নারী ফুটবল খেলোয়াড় এবং তার পরিবারকে হেনস্তার চেষ্টা। যে নারীকে আক্রমণ করা হয়েছিল, তিনি ছিলেন সেখানকার খেলোয়াড়দের মধ্যে অগ্রগামী। আশির দশকের শুরুতে যখন নারীরা গ্রাম থেকে শহরে গার্মেন্টসের চাকরির জন্য যায়, তখন কিন্তু গ্রামের যে পরিবারের নারী ঢাকায় চাকরি করতে যেতেন, তাঁর পরিবারকে হেনস্তা করা হতো। তাই আজকের এই ঘটনা হয়তো নতুন প্রেক্ষাপটে নতুন ঘটনা মনে হতে পারে। কিন্তু ধরন একই। নারীরা স্বাধীনভাবে কিছু করতে চাইলে অনেকের পিত্তি জ্বলে যায়। এই কারণে শুরু হয় আক্রমণ। ’

এখানে আইন আদর্শগত সংগ্রাম দেখবে না বলেও মন্তব্য করেন ইমতিয়াজ মাহমুদ। তিনি বলেন, আইন দেখবে ব্যক্তির ওপর আক্রমণ। এই আক্রমণ কিন্তু একজন মানুষ একা করেননি। সমষ্টিগতভাবে এই হামলা সংগঠিত হয়েছে। কিন্তু পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। অভিযুক্ত পরিবারের অন্য সদস্যদের গ্রেপ্তার করেনি। কিন্তু বিচারের আওতায় সবাইকে আনা উচিত এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। এতে অপরাধীদের মধ্যে এক ধরনের ভয় কাজ করবে। পরবর্তীতে তারা নারীদের হেনস্তা করার সাহস করবে না। এতে শুধু বটিয়াঘাটা কেন? বটিয়াঘাটা থেকে প্রত্যন্ত কোনো এলাকা থাকলে, সেখানে নারীদের আক্রমণ করার আগে তারা দশবার চিন্তা করবে।’

বর্তমান সরকার ক্ষমতা নেওয়ার পর সরকারি চাকরিতে বাড়ছে নারীর অংশগ্রহণ। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সবশেষ তথ্য বলছে, ৬৪ জেলার মধ্যে ২১ জেলার দায়িত্ব সামাল দিচ্ছেন নারী জেলা প্রশাসকরা (ডিসি)। পাশাপাশি বেড়েছে...
ডা. জুবাইদা রহমান বলেছেন, কন্যাশিশুদের নিরাপত্তা ও মানবিক বিকাশ নিশ্চিত করে রাষ্ট্রকে তাদের ভবিষ্যৎ গড়ার সহায়ক শক্তি হিসেবে কাজ করতে হবে। নারী উদ্যোক্তা ও সামাজিক উন্নয়ন নিয়েও গুরুত্বারোপ করেন তিনি।
দেশে মোট শ্রমশক্তি সাত কোটির বেশি, এর মধ্যে দুই কোটিরও বেশি নারী। যা এখন মোট শ্রমশক্তির প্রায় ৩৯ শতাংশ। বর্তমানে কর্মক্ষেত্রে অবদান বাড়লেও মজুরি আর মর্যাদায় এখনো পিছিয়ে নারীরা। কমেনি বৈষম্য। খাত...
গণিত অনেকের কাছেই কঠিন একটি বিষয়। সমীকরণ আর জটিল তত্ত্বে ভরা এই জগৎ অনেক সময় ভয়ও জাগায়। কিন্তু এই কঠিন বিষয়কেই নিজের ভালোবাসা আর মেধা দিয়ে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিলেন মরিয়ম মির্জাখানি। তাঁর...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীদের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসির বাস সার্ভিস চালু করা হয়েছে। প্রাথমিকভাবে তিনটি বাস দিয়ে এ পরিবহনসেবা চালু হলো।
চাঁদপুরের মতলব উত্তর থানায় গত দুই মাসে পল্লী বিদ্যুতের ২৮ ট্রান্সফর্মার চুরির ঘটনা ঘটেছে। সবগুলো ঘটনার পর মামলার জন্য পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা আবেদন জানিয়েছেন। তবে এর মধ্যে ২২টি ট্রান্সফর্মার...
ইরানের একটি বিয়ের অনুষ্ঠানে বোমা হামলায় পাঁচজন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলীয় সিরিক কাউন্টির এ ঘটনায় যুক্তরাষ্ট্রকে দায় দিয়েছে ইরান। আল জাজিরা আজ বুধবার জানিয়েছে এ খবর।
বগুড়ার শেরপুরে বিকল হয়ে পড়া একটি কাঠবোঝাই ট্রাক মেরামত করার সময় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর